চট্টগ্রামের মেয়রকে সম্পাদকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার দাবিতে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। গতকাল বুধবার সকালে মেয়রের শহরতলির বাসভবনে গিয়ে সম্পাদকেরা এই স্মারকলিপি দেন। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ, বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী মেয়রের বাসভবনে গিয়ে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, নগরের তিন-চতুর্থাংশ বিলবোর্ডই অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ড স্থাপনে করপোরেশনের ২৫ শর্তযুক্ত নীতিমালা অনুসরণ করা হয়নি। এসবের মধ্যে অধিকাংশ বিলবোর্ডই স্থাপন করা হয়েছে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও টেলিফোন লাইন ঘেঁষে। কিছু রয়েছে রেলপথ ও হালকা স্থাপনার ওপর। চট্টগ্রাম প্রাকৃতিকভাবে ঝড়ঝঞ্ঝাপ্রবণ এলাকা বলে এখানে বিপদের ঝুঁকি রয়েছে প্রতিমুহূর্তে। স্মারকলিপিতে আরও বলা হয়, ‘নগরের সৌন্দর্য বিনষ্টের দায় সম্পূর্ণভাবে সিটি করপোরেশনের ওপর বর্তালেও আর্থিকভাবে লাভবান হচ্ছে গুটি কয়েক ব্যক্তি। নিকট অতীতে লক্ষ করেছি, এ ধরনের অবৈধ বিলবোর্ড অপসারণে সিটি করপোরেশনের উদ্যোগ সফল হয়নি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর কোনো অবস্থানও গ্রহণ করতে পারেনি। এ পরিস্থিতিতে চট্টগ্রামের সংবাদপত্রসমূহ মৌন ভূমিকা পালন করতে পারে না।’ মন্জুর আলম অবৈধ বিলবোর্ড অপসারণে চট্টগ্রামের সব দৈনিক পত্রিকার সম্পাদক ও নগরবাসীর সহায়তা কামনা করেন।