চট্টগ্রামের মেয়র মন্জুর সড়ক দুর্ঘটনায় আহত অবস্থা আশঙ্কামুক্ত
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলম গতকাল বৃহস্পতিবার ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ভোর ছয়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মেয়রের গাড়িচালক মোহাম্মদ ইউসুফও আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মন্জুর প্রাডো গাড়িকে ধাক্কা দিলে তিনি ও তাঁর গাড়িচালক আহত হন। মন্জুর চোখ, পা ও বুকে আঘাত পান। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। ইউসুফকে কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।মন্জুরের পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য মেয়র মন্জুর ভোর চারটার দিকে চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি ছিলেন প্রাডো গাড়িতে। অন্য একটি গাড়িতে ছিলেন তাঁর আত্মীয়-স্বজন ও ব্যক্তিগত কর্মচারী।আমাদের চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, মেয়র মন্জুরকে বহনকারী গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘির দক্ষিণ পাড়ে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী কাভার্ড ভ্যানটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি একটি বাসকে ধাক্কা দিয়ে থেমে যায়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ও ডান দিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বাসটি থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।সূত্র জানায়, দুর্ঘটনার পর মেয়র ঢাকায় না গিয়ে অন্য গাড়িতে করে চট্টগ্রামে ফিরে যান। চট্টগ্রামের কর্নেলহাটের বাসায় নেওয়ার পর তাঁকে প্রথমে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এবং পরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে তিনি বাসায় ফেরেন।মন্জুর আলমের ছেলে সরোয়ার আলম প্রথম আলোকে বলেন, বর্তমানে মেয়র আশঙ্কামুক্ত। চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন।