চট্টগ্রামের মেয়রকে দলীয় বিবেচনায় না নিয়ে সহযোগিতা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতি বিমাতাসুলভ আচরণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি চট্টগ্রাম নগরের উন্নয়নে বর্তমান মেয়রকে দলীয় বিবেচনায় না এনে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গতকাল রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্জুর আলম বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেন। গতকালের সংবর্ধানে অনুষ্ঠানে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত বিজয়ী কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শহিদুল ইসলাম নামের একজন স্বতন্ত্র প্রার্থীও খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। খালেদা জিয়া বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে বিগত মেয়রের অনিয়ম থেকে মুক্ত করতে হলে সেখানে সরকারের বরাদ্দ বাড়ানো দরকার। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের বিগত মেয়র সিটি করপোরেশনকে দেউলিয়া করে ফেলেছেন। তাই সরকারের উচিত সেই অবস্থা থেকে সিটি করপোরেশনকে মুক্ত করতে বর্তমান মেয়রকে সহযোগিতা করা। মন্জুর আলম বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট বিষয়ে বিএনপি যে কর্মসূচি দেবে, তা তিনি পালন করবেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রামের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।