চট্টগ্রামের মেয়রকে মন্ত্রণালয়ের চিঠির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির প্রতিবাদ জানিয়েছে ‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে ওই চিঠি প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
গত বুধবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। এ বক্তব্যের পক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ দেওয়ার অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি সৌজন্যবহির্ভূত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন, তা শিষ্টাচারের পরিপন্থী।
বক্তারা বলেন, মেয়র বা চট্টগ্রামবাসীর সংগ্রাম সরকার কিংবা সচিবালয়ের বিরুদ্ধে নয়, দুর্নীতিবিরোধী সংগ্রামকে বেগবান করতেই কিছু অসৎ আমলার বিরুদ্ধে এ সংগ্রাম।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রাজনীতিক নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম
প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মাহমুদ ইসহাক প্রমুখ।