চট্টগ্রামের মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেত্রী ফেরদৌস বেগম। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে তিনি মামলাটি করেন। মহানগর হাকিম অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে নগর পুলিশের উপকমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন। মামলার পর বিকেলে সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর মেয়রের পক্ষে সংবাদ সম্মেলন করেন। এতে দাবি করা হয়, নির্বাচন সামনে রেখে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ মামলা করা হয়েছে।জানা গেছে, মেয়রের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে ওয়ার্ড কাউন্সিলর ফোরদৌস বেগম গতকাল ৫০০ ধারায় মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় শহরতলির বালুছড়া এলাকায় জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়ন কর্মসূচি ছিল। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মহিলা কাউন্সিলর এবং বায়েজিদ থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফেরদৌস বেগমের সঙ্গে অশোভন আচরণ করেন। দলীয় নেতা-কর্মীদের সামনে মেয়র তাঁকে হাত ধরে টেনেহিঁচড়ে সরিয়ে তাঁর বসার চেয়ারও কেড়ে নেন। আদালত সূত্র জানায়, মহানগর হাকিম ফেরদৌস বেগমের অভিযোগের ওপর অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে উপপুলিশ কমিশনারকে (উত্তর) আদেশ দেন। আদালত সূত্র জানায়, পুলিশের প্রতিবেদনের ওপর নির্ভর করছে মামলাটি আমলে নেওয়া যাবে কি না। মামলার বাদী ফেরদৌস বলেন, ‘মেয়র মহিলাদের সঙ্গে যে ভাষায় কথা বলেন তাতে মনে হয়, তাঁর মা-বোন নেই। নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা ১০ বছর ধরে তাঁর অনেক অশোভন আচরণ সহ্য করেছি। আর সহ্য করা হবে না। সিটি করপোরেশনের বেশির ভাগ কাউন্সিলর আমার সহায়তায় এগিয়ে এসেছেন। দলীয় নেতা-কর্মীরাও আমার সঙ্গে আছেন।’এদিকে বিকেলে মেয়রের পক্ষে সংবাদ সম্মেলনে পাঁচজন নারী কাউন্সিলরসহ ২৩ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, সিটি মেয়র ফেরদৌস বেগমকে লাঞ্ছিত করেছেন—এমন সংবাদ দুদিন ধরে পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তাঁকে কেউ প্ররোচিত করে মেয়রের বিরুদ্ধে মামলাটি করিয়েছেন। এটা সামনের নির্বাচন সামনে রেখে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা কাউন্সিলর আফরোজা কামাল। লিখিত বক্তব্যে ৩৮ জন কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে অনুপস্থিত অনেকে দুপুরে মেয়রের সঙ্গে বৈঠকে ছিলেন বলে জানানো হয়। মেয়র নিশ্চুপ: মানহানির মামলা প্রসঙ্গে মেয়র মহিউদ্দিন গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে মেয়রের ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসান মাহমুদ সাংবাদিকদের কাছে কাউন্সিলর ফেরদৌস বেগমের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত একটি আপত্তিকর সংবাদের ফটোকপি সরবরাহ করেন।এর আগে গতকাল দুপুরে মেয়র তাঁর পক্ষের কয়েকজন কাউন্সিলরকে করপোরেশনে জরুরি তলব করে বৈঠক করেন। বেলা দেড়টা থেকে দুটা পর্যন্ত এ বৈঠক চলে।