চট্টগ্রামের মেয়রের ভবন নির্মাণের ওপর স্থিতাবস্থা
চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় পাহাড় কেটে সিটি করপোরেশনের মেয়রের ভবন নির্মাণের ওপর এক সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় পরিদর্শন করে অনুমতিসংক্রান্ত বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (এনফোর্সমেন্ট) নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন। ১৪ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ৪ ডিসেম্বর রিটটি করা হয়।
রুলে টাইগার পাসে পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিতে এবং নির্মাণসামগ্রী অপসারণের ও সিটি করপোরেশনের নিজ খরচে মাটি ভরাট করে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।