চট্টগ্রামের মোহরায় ঈদের দিনে টর্নেডোর আঘাত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় সোমবার ঈদের দিন সকালে টর্নেডোর আঘাতে ৪০টি বসতঘর লন্ডভন্ড হয়েছে। ঝড়ের সময় ছোটাছুটি করতে গিয়ে ও টিনের আঘাতে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিরা সবাই প্রাথমিক চিকিত্সা নেয়। সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোহরার কুলাপাড়ার চেয়ারম্যান কলোনির টিনের তৈরি ১৫টি ঘরের চাল উড়ে ধানখেতে আছড়ে পড়ে। ঘরের বিভিন্ন জিনিসপত্রও উড়ে গেছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। স্থানীয় বাসিন্দা ছালাম ও মন্টু বলেন, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই হঠাত্ ঝড় ওঠে। কয়েক মিনিটের ঝড় সব উড়িয়ে নিয়ে গেছে। ভয়ে সবাই ছোটাছুটি করছিল। টিনের আঘাতে অনেকে আহত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বিজয় কুমার দে টর্নেডো আঘাত হানার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, সোমবার সকালের টর্নেডোয় মোহরার তিনটি কলোনির বেশ কিছু ঘরের টিনের চালা উড়ে গেছে। ওই সময় কয়েকজন আহত হয়।