চট্টগ্রামের যানজট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবমুখী উদ্যোগ। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের (আইআইবি) সেমিনার হলে আয়োজিত এক মুক্ত সংলাপে এই অভিমত ব্যক্ত করেন বক্তারা। ‘চট্টগ্রাম নগরের যানজট নিরসনে বাস্তবমুখী সমাধান’ শীর্ষক মুক্ত সংলাপে চট্টগ্রামের যানজটের কারণ ও সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম, বিআইপি চট্টগ্রাম ও সনাক চট্টগ্রাম যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ভৌত বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। সংলাপে বক্তারা বলেন, চট্টগ্রামের অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনে কোনো ধরনের সমস্যা না হয়। সংকট নিরসনে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও বিদ্যমান আইনের যথাযথ ব্যবহার। সংলাপে অন্যান্যের মধ্যে আলোচনা করেন আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, টিআইবি চট্টগ্রামের সভাপতি আকতার কবির, আইআইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সুলতান মাহমুদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, স্থপতি জেরিন হোসেন, আইআইবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম আবু নোমান প্রমুখ।