চট্টগ্রামের রউফাবাদে আগুনে ৫০টি বসতঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রউফাবাদের মির্জাপাড়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ৫০টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিন জুট মিলের উত্তর পাশে মির্জাপাড়ায় রোকেয়া ও সোনামিয়ার বস্তিতে আগুন লাগে। এতে প্রায় ৫০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, আগুনে ঘরহারা অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছে। শীতের কারণে তারা দুর্ভোগে পড়েছে।