চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নয়নে তিন বছরের রূপরেখা
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের রাস্তাঘাটের উন্নয়নে তিন বছরের রূপরেখা নির্ধারণ করেছে। রূপরেখা অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে ৪০ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৫০ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে বাকি ১০ শতাংশ সড়কের কাজ সম্পন্ন করা হবে। এ জন্য চারটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনক্রমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের ১৫তম সাধারণ সভায় এসব তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কালভার্ট, ড্রেন ও প্রতিরোধ দেয়াল নির্মাণ’-এর জন্য ৩৩৮ কোটি ৫৮ লাখ টাকার প্রকল্পটি ১৬ অক্টোবর প্রি-একনেক বৈঠকে পাস হয়েছে। ৩৭৮ কোটি ৮৬ লাখ টাকার ‘চট্টগ্রাম মহানগরী এলাকায় বন্য ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন’ প্রকল্পটি আগামী রোববার প্রি-একনেকের সভায় উপস্থাপন করা হবে। এ ছাড়া চট্টগ্রাম নগর এলাকার মন্ত্রী ও সাংসদদের কোটায় ২১০ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এসব প্রকল্প একনেকের অনুমোদন পেলে নগরের উন্নয়ন গতিশীল হবে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভেঙে যাওয়া সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।