চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরের রাস্তায় কোনো হকার থাকবে না। মানুষ ও গাড়ির সংখ্যা বাড়লেও রাস্তার সংখ্যা তেমন বাড়েনি। এর মধ্যে যদি সড়কের কিছু অংশে হকাররা ব্যবসা করতে চায়, তাহলে যানজট সৃষ্টি হবে। নগরের যানজটের অনেক কারণের মধ্যে এটি অন্যতম।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ‘চট্টগ্রাম নগরের গণপরিবহনের সমস্যা এবং পরিবহন ক্ষেত্রে শৃঙ্খলা-সংক্রান্ত’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র আ জ ম নাছির বলেন, হকারদের সঠিক তালিকা তৈরি করে সিটি করপোরেশনের পক্ষ থেকে ছবিযুক্ত পরিচয়পত্র দেওয়া হবে। তারা গরমকালে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সড়ক ও ফুটপাতের একটি নির্ধারিত অংশে ব্যবসা করতে পারবে। শীতকালে এই সময় হবে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
তবে এই কার্যক্রম শুরু করতে তিন থেকে সাড়ে তিন মাস লাগবে বলে পরিবহনমালিকদের জানান মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, এই কার্যক্রম চালু হলে তখন চালকেরা সড়কে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন এবং মানুষও ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। হকারদেরও কাউকে চাঁদা দিতে হবে না।
সভায় গণপরিবহন খাতে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে মেয়রের প্রতি দাবি জানান সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষে মহাসচিব বেলায়েত হোসেন মেয়রের কাছে লিখিত নয়টি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে নগরে রুটপারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধ করা। এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে গাড়ি চলাচল করতে না দেওয়া। ক্লাব ও কল্যাণ সমিতির নামে গণপরিবহন পরিচালনাকারী অবৈধ সংগঠনের চাঁদাবাজি বন্ধ ও কার্যক্রম নিষিদ্ধ করা। গাড়ি রিকুইজিশনের নামে চালক ও মালিকদের পুলিশি হয়রানি বন্ধ করা। শহরের মূল সড়কে হকাররা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বিআরটিএকে দালালমুক্ত করা।
গতকালের সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হাজারী, কার্যকরী সভাপতি ইকবাল মো. মনসুরুল করিম, যুগ্ম মহাসচিব জিয়াউদ্দিন শরীফ, অর্থ সম্পাদক রায়হান উল হক চৌধুরী প্রমুখ।