চট্টগ্রামের রাস্তায় নামলেন ২০ নারী ট্রাফিক পুলিশ
চট্টগ্রাম নগরে প্রথমবারের মতো যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পেয়েছেন ২০ জন নারী ট্রাফিক পুলিশ। রোদ-বৃষ্টি, ধুলাবালু উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে পুরুষ ট্রাফিক পুলিশের পাশাপাশি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁরা।
নগরের আটটি গুরুত্বপূর্ণ মোড়ে গত ২০ আগস্ট থেকে তাঁরা দায়িত্ব পালন করছেন। নগরের উত্তর ট্রাফিক বিভাগে ১০ জন এবং বন্দর (দক্ষিণ) ট্রাফিক বিভাগে ১০ জন নারী দায়িত্ব পালন করছেন। পুলিশ বাহিনীতে তাঁদের সবারই চাকরির বয়স পাঁচ বছরের ওপরে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের জিইসি মোড়ে গিয়ে দেখা যায়, তিনজন পুরুষ ট্রাফিক কনস্টেবলের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন দুজন নারী ট্রাফিক কনস্টেবল। তাঁদের একজনের নাম লাকি দেব, আরেকজন সালমা আকতার।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মেয়ে লাকি দেব এইচএসসি পাস করেন ২০১০ সালে। ২০১১ সালে পুলিশে যোগদান করেন তিনি। সাড়ে চার বছর খাগড়াছড়িতে চাকরির পর এক বছর আগে চট্টগ্রামে বদলি হয়ে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশের চাকরিতে থানাসহ বিভিন্ন জায়গায় ডিউটি করেছি। তবে ট্রাফিকের কাজটা অন্যরকম। শুরুতে লোকজন তাকিয়ে থাকত বলে একটু অস্বস্তি হতো। এখন আর হয় না। বরং আশপাশের লোকজন যখন বলে, মেয়েরা কোথাও পিছিয়ে নেই, তখন খুব ভালো লাগে।’
লাকি দেব বলেন, ‘শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও আমার স্বামীই বরং আমাকে বেশি উৎসাহ দিয়েছেন।’
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরে বর্তমানে ৫৯৩ জন কনস্টেবল ও ১৪২ জন সার্জেন্ট রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন। এক সপ্তাহ পর পর দায়িত্ব পালনের স্থান পরিবর্তন হয় ট্রাফিক পুলিশের। পুরুষদের পাশাপাশি সকাল ছয়টা থেকে বেলা দুইটা ও বেলা দুইটা থেকে রাত ১১টা—এই দুই পালাতেই নারী ট্রাফিক কনস্টেবলরা দায়িত্ব পালন করছেন। নগরের নিউমার্কেট, পুনাক মোড়, জিইসি মোড়, বহদ্দারহাট, দেওয়ানহাট, আগ্রাবাদ, অলংকার ও ইপিজেড মোড়—এই আট জায়গায় আপাতত দায়িত্ব পালন করছেন তাঁরা। প্রতি মোড়ে দুজন করে নারী কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
গতকাল বিকেলের পালায় নগরের দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালন করছিলেন যশোরের সালমা জাহান। ছয় বছরের পুলিশের চাকরিতে সালমা এর আগে মাগুরা ও কুষ্টিয়ায় ছিলেন। দুই বছর ধরে তিনি চট্টগ্রামে আছেন। সালমা বলেন, ‘ট্রাফিকের কাজ অনেক কষ্টের। রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়। শুরুতে অসুবিধা লাগলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। এখন ভালোই লাগে। বিশেষ করে রাস্তা পারাপারে শিশু ও বয়স্ক নারীদের সাহায্য করতে পারলে ভালো লাগে।’
নারী ট্রাফিকদের রাস্তায় দায়িত্ব পালনকে ইতিবাচকভাবে নিয়েছেন পথচারীরা। বাংলাদেশ মহিলা সমিতি স্কুলে পড়ুয়া মেয়েকে নিয়ে প্রতিদিনই পুনাক মোড় পার হতে হয় ষোলোশহর এলাকার বাসিন্দা আমেনা আকতারকে। নারী ট্রাফিক পুলিশ থাকায় এখন সহজেই তাঁর সহায়তায় রাস্তা পার হতে পারছেন বলে জানান তিনি।
পরিবারের সমর্থন কাজকে অনেকটা সহজ করে দেয় বলে মনে করেন নারী ট্রাফিক কনস্টেবলরা। কনস্টেবল নাছনিন আকতার বলেন, ‘আমাদের কাছে কাজ কাজই। এখানে নারী বা পুরুষের কাজ বলে আলাদা কিছু নেই। আমাদের পরিবারও বিষয়গুলোকে এভাবে দেখে।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, নারীরা কাজে মনোযোগী। আপাতত ২০ জনকে কনস্টেবল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। এ ছাড়া ট্রাফিক সার্জেন্ট হিসেবে একজন নারী সম্প্রতি নিয়োগ পেয়েছেন। তিনি কিছুদিন পরে যোগ দেবেন।
মাঠপর্যায়ে ট্রাফিকের কাজে নারীদের নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি লতিফা কবিরও। তিনি প্রথম আলোকে বলেন, নিশ্চিতভাবেই রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণের কাজটি খুব সহজ নয়। তবে নারীরা এখন কোনো কাজেই পিছিয়ে নেই। রাস্তায় নারী পুলিশের সংখ্যা বাড়লে সাধারণ নারীদের চলাচলও সহজ হবে।