চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি আগুনের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অন্যতম বড় বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেন আগুনের ঝুঁকিতে আছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় সেখানকার বেশির ভাগ ভবনেই অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নেই বলে জানা গেছে। আশপাশে প্রাকৃতিক কোনো পানির উৎস না থাকায় এই এলাকায় অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেনের দেড় শতাধিক বহুতল ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় চলে খুচরা ও পাইকারি বেচাকেনা। এসব ভবনের তৃতীয় তলা থেকে ওপরের অংশ ব্যবহূত হচ্ছে গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে। নগরের আমতল থেকে স্টেশন রোড পর্যন্ত বিস্তৃত এই বাণিজ্যকেন্দ্রের প্রায় আট হাজার দোকানে তৈরি পোশাক, জুতা, ব্যাগ, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী, মনোহারি, মুঠোফোন, তৈরি পোশাক, শাড়ি, খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয়।দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, এখানকার ভবনগুলো গড়ে উঠেছে নিয়ম না মেনে। ৯০ ভাগ ভবনে ভূগর্ভস্থ ও ভবনের ছাদে জলাধার নেই এবং পুরো এলাকায় পানির কোনো প্রাকৃতিক উৎসও নেই। এসব বিবেচনায় রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেন অগ্নিকাণ্ডের অধিক ঝুঁকিতে আছে।গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, রিয়াজউদ্দিন বাজারের এসকে টাওয়ার, বিএম কমপ্লেক্স, জলসা মার্কেটসহ কোনো কোনো ভবনের ভূগর্ভস্থ অংশেও রয়েছে দোকান। সেই দোকানগুলোতে অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জাম দেখা যায়নি। তামাকুমণ্ডি লেনে পাশাপাশি দুটি ভবনের মাঝের অংশে অস্থায়ী ছাদ তৈরি করে নিচের অংশে দোকান নির্মাণ করা হয়েছে। সেখানে আলআমিন মার্কেট, মিউনিসিপ্যাল হকার মার্কেট, জনতা মার্কেট, মোবাইল মার্কেটের সরু গলিগুলোর প্রস্থ পাঁচ থেকে সর্বোচ্চ ১০ ফুট। দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার থাকে এসব এলাকা। তামাকুমণ্ডি লেনের আমিন স্টোরের স্বত্বাধিকারী মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, মার্কেটের ভবনগুলো গড়ে উঠলেও সরকারি কোনো সংস্থাই এর নজরদারি করেনি। এখন যে অবস্থা, তাতে আগুনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। জরুরি প্রস্তুতি হিসেবে অন্তত অগ্নিনির্বাপণের কিছু সরঞ্জাম রাখা উচিত।ঝুঁকির বিষয়টি স্বীকার করে রিয়াজউদ্দিন বাজার দোকান মালিক সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন, রিয়াজউদ্দিন বাজারের রাস্তা দমকল বাহিনীর গাড়ি চলাচলের উপযোগী। তামাকুমণ্ডি লেনের রাস্তাগুলো খুবই সরু। কিছু গভীর নলকূপ আছে। পার্শ্ববর্তী তিনপোল এলাকায় একটি পুকুর আছে। তবে রাতে কোনো দুর্ঘটনা ঘটলে এত দূর থেকে তালাবদ্ধ ভবনে পানি আনা কষ্টকর হবে।