চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেন থেকে ১৪৪ ধারা প্রত্যাহার, দোকান খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী ও হকারদের মধ্যে সমঝোতার পর গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেন থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে পুলিশ। সন্ধ্যা থেকে ওই এলাকার দোকানপাট খুলে হকাররাও তাঁদের চৌকিগুলোতে পসরা সাজান। তবে বিকিকিনি তেমন হয়নি। এলাকায় পুলিশের কড়া পাহারা রয়েছে। জানা যায়, দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠকে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সমঝোতা হয়। এরপর পুলিশ ১৪৪ ধারা প্রত্যাহার করে। ব্যবসায়ী ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই এলাকায় ১১৪ ধারা জারি করা হয়। এর পর থেকে সেখানকার কয়েক হাজার দোকানপাট বন্ধ ছিল। বন্ধ ছিল ফুটপাতে হকারদের ব্যবসাও। হকার নেতাদের অভিযোগ, বুধবার রাত ও বৃহস্পতিবারের সংঘর্ষের সময় কাপড়-চোপড়সহ তাঁদের অন্তত ৮০০ চৌকি পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, সমঝোতা অনুযায়ী হকাররা ফুটপাতে আগের জায়গায় আবার চৌকিতে করে পণ্য বিক্রি করতে পারবে। কেউ কাউকে ঝামেলা করতে পারবেন না। বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার, কোতোয়ালি এলাকার সহকারী পুলিশ কমিশনার কাজী হেলালুজ্জামান, কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। ব্যবসায়ী ও হকার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ পুলিশের করা নিয়ম মেনে চলার ব্যাপারে মুচলেকা দেয়। বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী ও হকাররা কেউ কারও ক্ষতি করবেন না—এমন মুচলেকা দেওয়ার পর বিকেল সাড়ে চারটা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামশুল আলম বলেন, ‘আমরা উভয় পক্ষ সমঝোতায় এসেছি। সে অনুযায়ী হকাররা ফুটপাতে বসলেও আগের মতো আর দোকানের সামনে পর্দা টাঙিয়ে রাখতে পারবেন না। উভয়ে যে যার মতো করে ব্যবসা করবে।’ চট্টগ্রাম মহানগর সম্মিলিত হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, ‘হকারদের আগের জায়গায় বসার অনুমতি দেওয়ায় আমরা সমঝোতায় রাজি হয়েছি। হকারদের ক্ষয়ক্ষতির বিষয়টি মেয়র দেখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। হকাররা কাল (মঙ্গলবার) থেকে হাতে করে ও চটে বসে পণ্য বিক্রি করবেন।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, মুচলেকা অনুযায়ী হকাররা ফুটপাতে দুই সারি করে বসবেন। শিগগির চট্টগ্রাম সিটি করপোরেশন হকারদের জন্য চাকা দেওয়া ট্রলির ব্যবস্থা করবে। এ ট্রলি দিয়ে নগরের সাতটি স্থানে তাঁরা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন।