চট্টগ্রামের লোহাগাড়ায় তিন ইউনিয়নে নির্বাচন ২১ সেপ্টেম্বর
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো লোহাগাড়া, আমিরাবাদ ও আধুনগর।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ আগস্ট, বাছাই ৩১ আগস্ট আর প্রত্যাহারের তারিখ ৫ সেপ্টেম্বর। আজ সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়নে সর্বশেষ ২০০৩ সালে ও লোহাগাড়া ইউনিয়নে ১৯৯৮ সালে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। লোহাগাড়া পৌরসভা-সংক্রান্ত সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে এ তিন ইউনিয়নে এত বছর নির্বাচন স্থগিত ছিল।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান জানান, নির্বাচনে ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, এ জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।