চট্টগ্রামের শিপিং মাস্টার সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়াকে গতকাল বৃহস্পতিবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়। শিপিং মাস্টারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।জানা যায়, শেখ আলী আম্বিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় একটি মামলা হয়। আয়বহির্ভূত ৮৭ লাখ তিন হাজার টাকার সম্পদ রাখার অভিযোগে জেলা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই মামলা করা হয়। তবে গত সপ্তাহে তিনি ১০ দিনের ছুটির দরখাস্ত দিয়ে অফিসে আসছেন না।যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ বলেন, ‘আলী আম্বিয়া ছুটির দরখাস্ত দিয়েছেন। কিন্তু তাঁর ছুটি অনুমোদন হয়নি। অফিসে অননুমোদিত অনুপস্থিতির জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল কয়েকবার শেখ আলী আম্বিয়ার ব্যক্তিগত ও দাপ্তরিক উভয় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে দুটিই বন্ধ পাওয়া যায়।