চট্টগ্রামের শিল্প খাতের সমস্যা সমাধানে আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিল্প খাতের সমস্যা সমাধানে ১১ সদস্যের কমিটি গঠনের আশ্বাস দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে অংশ নেওয়া উন্নয়ন পরিষদ প্যানেল। নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিকে এ কমিটির প্রধান করা হবে বলে জানান এই পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবদুল মাতলুব আহমাদ।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের র্যা ডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ তাঁর প্যানেলের সদস্যদের বৃহত্তর চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল মাতলুব আহমাদ, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, ব্যবসায়ী নেতা এস এম নুরুল হক, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী আকবর হুসেইন আলী প্রমুখ। এ ছাড়া নোয়াখালী, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার চেম্বারের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন। ব্যবসায়ী নেতারা তাঁদের বক্তব্যে ব্যবসাসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের রাজস্ব আয়ের সিংহভাগ অর্জিত হয় চট্টগ্রাম থেকে। কিন্তু চট্টগ্রামের শিল্প খাতের অবস্থা অত্যন্ত নাজুক। এখানে গ্যাস, বিদ্যুৎ-সংকট রয়েছে। ব্যাংকঋণ পেতে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। বিভিন্ন সংস্থার প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। নামে বাণিজ্যিক রাজধানী হলেও এর বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেই।
ব্যবসায়ী নেতাদের উদ্দেশে আবদুল মাতলুব আহমাদ বলেন, আজকের সভায় ব্যবসায়ীদের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, তার বেশির ভাগ সমস্যা সমাধানযোগ্য। এ জন্য দরকার একনিষ্ঠতা ও বলিষ্ঠ পদক্ষেপ। ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশে নিয়ে আসার জন্য তাঁর প্যানেল কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।