চট্টগ্রামের ষোলশহরে ওয়াগন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস তেল সরবরাহ করে ফেরার পথে ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের ষোলশহর স্টেশনের কাছে বিবিরহাট এলাকায় ওয়াগনটি লাইনচ্যুত হয়। এ কারণে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে একটি ট্রেন চলাচলে বিলম্ব ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, গতকাল বিকেল ৩টা ৫০ মিনিটে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওয়াগনটি উদ্ধার করা হয়। এরপর লাইনটি আবার সচল হয়।
রেলওয়ে সূত্র জানায়, সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম থেকে প্রতিদিন নাজিরহাটগামী একটি ট্রেন চলে। ওয়াগন লাইনচ্যুত হওয়ার পর ওই ট্রেনটি ছাড়তে দেরি হয়।
এর আগে গত ১৯ জুন বোয়ালখালীর হারগেজি খাল এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন খালে পড়ে যায়। তখন প্রায় ৭০ হাজার লিটার তেল খালের মাধ্যমে কর্ণফুলী ও হালদা নদীতে ছড়িয়ে পড়ে। তবে এবার ওয়াগনগুলো খালি ছিল।