চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ শিগগির পুনঃস্থাপন হচ্ছে না
চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের সরাসরি রেল যোগাযোগ পুনঃস্থাপন করতে রেলওয়ে কর্তৃপক্ষকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আপাতত চট্টগ্রাম স্টেশনের পরিবর্তে ৩৭ কিলোমিটার দূরের সীতাকুণ্ড স্টেশন থেকে ঢাকা ও সিলেটের সব ট্রেন চলাচল করবে। প্রবল বর্ষণের কারণে সৃষ্ট পানির তোড়ে কুমিরা ও ভাটিয়ারী স্টেশনের মাঝামাঝি অবস্থিত ৩৪ নম্বর রেলসেতু ধসে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল বুধবার সকাল থেকে রেলের প্রকৌশলীরা সেতু ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু করেছেন। সেনা ও নৌবাহিনীর সদস্যরা তাঁদের সহায়তা করছেন। ক্ষতিগ্রস্ত সেতু ও লাইনের সংস্কারকাজ দেখতে গতকাল বিকেলে ঘটনাস্থলে যান যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। রেলমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা আপাতত সীতাকুণ্ড থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু করেছি। তবে আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতু ও লাইনের সংস্কারকাজ শেষ হয়ে যাবে। সাময়িক অসুবিধার জন্য আমি ব্যক্তিগতভাবে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ রেলওয়ে সূত্র জানায়, রেলের প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত দুটি লাইন রয়েছে। রেলসেতুটি ধসে পড়ায় একটি লাইনের প্রায় ১০০ ফুট ও অন্যটির প্রায় ৫০ ফুট স্লিপার ও নুড়িপাথর উঠে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকার দিকে ছেড়ে আসার সময় ব্যবহূত রেললাইনের (আপ লাইন) নিচের সেতুটি পুরোপুরি ধসে গেছে। আর চট্টগ্রামে ফেরার লাইনের (ডাউন লাইন) অংশটি মোটামুটি ভালো আছে। গতকাল প্রকৌশলীরা ওই লাইনটি মেরামত করে দ্রুত রেললাইন চালু করার সম্ভাব্য সব চেষ্টা করেছেন। ডাউন লাইনের ওপর দিয়ে ট্রেন চালানো যায় কি না, তা আজ বৃহস্পতিবার পরীক্ষা করে দেখা হবে। এ সেতুটি ব্যবহার করা গেলে দ্রুত সময়ের মধ্যে সীমিত আকারে যোগাযোগ পুনঃ স্থাপন সম্ভব হতে পারে বলে একজন প্রকৌশলী জানিয়েছেন। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘ধসে যাওয়া রেলসেতু নির্মাণ ও লাইন সংস্কার করতে মন্ত্রী মহোদয় আমাদের ১৫ দিন সময় দিয়েছেন। এর আগেই আমরা কাজ শেষ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প পথ তৈরিরও চেষ্টা করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ পুনঃ স্থাপন করা যায়।’ প্রকৌশলীরা জানান, ধসে যাওয়া সেতুটি ব্যবহার-উপযোগী করতে এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। আর এ জায়গায় নতুন করে নির্মাণ করতে অন্তত তিন মাস সময় লাগবে। চট্টগ্রাম স্টেশন থেকে ৩৭ কিলোমিটার উত্তরের সীতাকুণ্ড স্টেশন থেকে ঢাকা ও সিলেটের পথে সীমিত সংখ্যায় ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বাস্তব কারণেই এ পথে যাত্রীদের আগ্রহ কমে যাচ্ছে। গতকাল রেলস্টেশনে যাত্রীদের কোনো কোলাহল ছিল না। যাঁরা এসেছেন অধিকাংশই টিকিট ফেরত দিতে এসেছিলেন। চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলমও যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।