চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
মিরসরাইয়ের মাস্তাননগর থেকে চিনকিআস্তানা পর্যন্ত রেললাইনের ওপর দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটা ২০ মিনিট থেকে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে রাত আটটা পর্যন্ত অন্তত ১১টি ট্রেন উভয় দিকে আটকা পড়েছে কিংবা যাত্রা স্থগিত রাখা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বিকেলে মিরসরাইয়ের মাস্তাননগর থেকে চিনকিআস্তানা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রেললাইনের ওপর পাহাড়ি ঢল প্রবাহ শুরু হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য বিকেল চারটা ২০ মিনিটে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামগামী ট্রেন সুবর্ণ, কর্ণফুলী ও সাগরিকা চিনকিআস্তানায়; পাহাড়িকা ও চট্টলা ফেনীতে আটকা পড়ে। এ ছাড়া ঢাকাগামী গোধূলি মিরসরাইয়ের বড়তাকিয়ায় আটকা পড়ে। রেলপথ বন্ধ থাকায় ঢাকাগামী সোনার বাংলা ও মহানগরের যাত্রা স্থগিত রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ, চাঁদপুরগামী মেঘনা ও কুমিল্লাগামী ডেমুর যাত্রাও স্থগিত রাখা হয়েছে।
রাত আটটায় পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের চিনকিআস্তানা থেকে মাস্তাননগর পর্যন্ত রেলপথ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবুও আমরা ডাউন লাইন (চট্টগ্রামে আসার রেলপথ) পথ দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ঢাকাগামী গোধূলিকে মিরসরাইয়ের বড়তাকিয়া থেকে সীতাকুণ্ডে ফিরিয়ে নিয়ে ডাউন লাইন দিয়ে ঢাকা পাঠানোর চেষ্টা চলছে। কিন্তু ওই ট্রেনের যাত্রীরা সীতাকুণ্ডে ট্রেন ফিরিয়ে নিতে বাধা দিচ্ছে। পানি নেমে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।