
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের পাঁচটি ট্রলি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইনের ১০০ মিটার অংশও মাটি থেকে উঠে গেছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ওই পথে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকাজ চলছে।

সন্ধ্যা নাগাদ রেললাইন মেরামত কাজ শেষ হতে পারে।
আখাউড়া জংশনের রেল-নিয়ন্ত্রণ কক্ষের কেবিন মাস্টার জসিম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল নয়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পর পাঁচটি ট্রলি লাইনচ্যুত হয়ে দুটি ট্রলি পুরোপুরি উল্টে যায়। এ ঘটনায় রেললাইনের প্রায় ১০০ মিটার উপড়ে গেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামে রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলছে।
এই দুর্ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল ট্রেনটি কসবা রেলস্টেশনে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী কুমিল্লার লালমাইয়ে এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়ে আছে।
বর্তমানে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও কুমিল্লা থেকে উদ্ধারকারী একটি দল গিয়ে মেরামত কাজ শুরু করেছে।