চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সোমবার সকালে একটি ট্রেনের পাঁচটি ট্রলি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। আজ সন্ধ্যা সাতটার দিকে এই রেল যোগাযোগ শুরু হয়।
আখাউড়া জংশনের রেল নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার জসিম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল নয়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পর পাঁচটি ট্রলি লাইনচ্যুত হয়ে দুটি ট্রলি পুরোপুরি উল্টে যায়। এ ঘটনায় রেললাইনের প্রায় ১০০ মিটার উপড়ে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল করেছে।
এ দুর্ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল ট্রেনটি কসবা রেলস্টেশনে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী কুমিল্লার লালমাইয়ে এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়ে যায়। পরে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও কুমিল্লা থেকে উদ্ধারকারী একটি দল গিয়ে মেরামতকাজ শুরু শেষ করে সন্ধ্যা সাতটার দিকে রেল চলাচল স্বাভাবিক করে।