
চট্টগ্রামের পাহাড়তলীতে মহানগর গোধূলীর চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল প্রায় ১০ ঘণ্টা।
রেলের কর্মকর্তারা জানান, গত বুধবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুরগামী কনটেইনারবাহী একটি ট্রেনের ইঞ্জিন সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। সীতাকুণ্ডে দুর্ঘটনার পর পাহাড়তলী থেকে ফৌজদারহাট পর্যন্ত আপলাইনের পরিবর্তে ডাউনলাইনে ট্রেন চালানো হচ্ছিল। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে পাহাড়তলী স্টেশনে মহানগর গোধূলীর চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর ডাউনলাইনও বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশ্য দুর্ঘটনার এক ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া চারটি বগি রেখে বাকি ১৪টি বগি নিয়ে ট্রেনটি ঢাকায় রওনা হয়। এ দুর্ঘটনায় চার-পাঁচজন সামান্য আহত হন।
বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) মঞ্জুরুল আলম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের পর বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে আটকে পড়া ট্রেনগুলো বিলম্বে স্টেশন ছেড়ে যায়। শুধু চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।’
রেল কর্মকর্তারা জানান, রেলযোগাযোগ চালু হওয়ার পর বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী প্রথমে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। দুর্ঘটনার পর এই ট্রেনটি পথে আটকে ছিল। এরপর ৩ থেকে ১০ ঘণ্টা দেরিতে ঢাকাগামী তূর্ণা-নিশিথা ও ঢাকা মেইল, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ও জালালাবাদ এক্সপ্রেস এবং চাঁদপুরাগমী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে ১০ ঘণ্টা দেরিতে বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায়। চট্টলা এক্সপ্রেস সাড়ে সাত ঘণ্টা দেরি করে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় এবং চাঁদপুর থেকে আসা সাগরিকা এক্সপ্রেস ১০ ঘণ্টা দেরিতে ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামে আসে।
রেল কর্মকর্তারা জানান, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম ছেড়ে যায়।
এদিকে পাহাড়তলী ও ফৌজদারহাটে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আবদুল হাই জানান, পূর্বাঞ্চল রেলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) মঞ্জুরুল আলম চৌধুরী জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ‘দ্রুত সময়ের মধ্যে’ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় গত বুধবার পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই চালক আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চালক (লোকোমাস্টার) মহিন উদ্দিন (৫৯) ও সহকারী চালক মাহিদুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রাম বন্দর সংযোগ লাইন থেকে ঢাকামুখী মূল লাইনে ওঠার সময় বিকট শব্দে ইঞ্জিনটি কাত হয়ে পড়ে যায়। এ সময় চালক মহিন উদ্দিন ইঞ্জিনের একপাশে গাছের সঙ্গে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।