চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল সাড়ে সাত ঘণ্টা বন্ধ ছিল।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় বগি লাইনচ্যুত হয়। গতকাল বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই পথ দিয়েই ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ময়মনসিংহ-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী রুটের ট্রেন চলাচল করে।
শশীদল রেলস্টেশনের মাস্টার মো. মজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে গোধূলি ট্রেনটি রেলস্টেশনে ঢুকছিল। এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। রাত ১২টা ৪০ মিনিটে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসে। এরপর রেললাইন থেকে ইঞ্জিন ও বগি দুটি সরানো হয়। তিনি বলেন, এ সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেন আটকা পড়ে। অন্যদিকে কুমিল্লা ও লাকসাম জংশনে আরও কয়েকটি ট্রেন আটকা পড়ে।