প্রায় ৫০ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল-যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। এর আগে গতকাল ভোরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরও সচল হয়।রেলওয়ের প্রকৌশলীরা জানান, গতকাল তিন দফা ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। প্রথম দুই দফার চেয়ে তৃতীয় দফার ফলাফল ভালো আসে। পরে ফলাফল ঢাকা রেল ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ফলাফল পর্যালোচনার পর সন্ধ্যায় ট্রেন চালু করার জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়।রেলওয়ে সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে মেঘনা এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।জানতে চাইলে রেলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘৩৪ নম্বর ডাউন লাইনের (চট্টগ্রামে ফেরার লাইন) ওপর দিয়ে বিশেষ ব্যবস্থায় কেবল যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। আরেকটি সেতু নির্মাণ না করা পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।’রেলওয়ের প্রকৌশলীরা জানান, বুধবার সকাল থেকে ডাউন লাইনের ৩৪ নম্বর সেতুটি মেরামতের কাজ শুরু হয়। এতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। প্রকৌশলীরা জানান, যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত সেতু পারাপারের আগে কিছুক্ষণ থেমে থাকবে। এরপর ১৫ কিলোমিটার বেগে সেতুটি পার হবে। আরও কিছু দূর যাওয়ার পর সংশ্লিষ্ট ট্রেন স্বাভাবিক গতিতে গন্তব্যের দিকে চলতে থাকবে। প্রসঙ্গত, প্রবল বর্ষণের কারণে সৃষ্ট পানির তোড়ে কুমিরা ও ভাটিয়ারী স্টেশনের মাঝামাঝি অবস্থিত ৩৪ নম্বর রেলসেতু ধসে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সঙ্গে রেল-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সূত্র জানায়, ঢাকার দিকে আপলাইনের অংশের সেতুটি নির্মাণ করতে অনেক সময় লেগে যাবে। বিকল্প হিসেবে আরেকটি লাইন নির্মাণ করা হবে।রেলওয়ে সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ৩৭ কিলোমিটার উত্তরের সীতাকুণ্ড স্টেশন থেকে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি চট্টগ্রাম থেকে সকাল সাতটায় অবশ্য ছেড়ে যেত।বিমানবন্দর সচল: গতকাল ভোর পাঁচটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল।বিমানবন্দরের অভিবাসন পুলিশের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান মুন্সি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার ভোর পাঁচটা ৪০ মিনিটে আবুধাবি থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। আর সকাল সাড়ে সাতটায় জেদ্দার উদ্দেশে আরেকটি উড়োজাহাজ বিমানবন্দর ছেড়ে যায়। এর পর থেকে অন্যান্য উড়োজাহাজ সূচি অনুযায়ী চট্টগ্রাম বিমানবন্দরে ওঠানামা করেছে।উল্লেখ্য, বিমানবন্দর-সংলগ্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন খাল আবর্জনায় ভরে যাওয়ায় রানওয়ের পানির প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। গত বুধবার সকাল থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মীরা ওই খালের আবর্জনা পরিষ্কার করেন। এরপর রানওয়ের পানি সরে যায়।এদিকে অতিবর্ষণে চট্টগ্রাম নগরে দেখা দেওয়া জলাবদ্ধতা এখন আর নেই। বিভিন্ন স্থান থেকে পানি নেমে গেছে।আবহাওয়া দপ্তর গতকাল দুপুরে সমুদ্রবন্দরগুলোর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করেছে।