চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ ১১ ঘণ্টা বিচ্ছিন্ন, প্রচণ্ড দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের ধর্মঘটের কারণে গতকাল রোববার দিনভর দুর্ভোগ পোহায় যাত্রীরা। বিশেষ করে জেএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিল চরমে। ধর্মঘটের কারণে সকাল ছয়টা থেকে চট্টগ্রামের সঙ্গে রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ প্রায় ১১ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল।
গতকাল দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নিজেরা আবার বৈঠক করে বিকেল পৌনে পাঁচটায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। চট্টগ্রামে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ, রাস্তা সংস্কার, সড়ক দুর্ঘটনার জন্য কেবল চালকদের দায়ী না করা, পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং পরিবহনশ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে শ্রমিক ফেডারেশন বৃহত্তর চট্টগ্রামে এ ধর্মঘট পালন করে।
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে দুপুর ১২টায় নগর পুলিশ কমিশনার ও বিআরটিএর প্রতিনিধিরা বৈঠক করেন। পুলিশ কমিশনারের কার্যালয়ে ওই বৈঠকে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পরিবহনশ্রমিক নেতারা তখন কোনো আশ্বাস না দিয়ে নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। পরে তাঁদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘শ্রমিকদের কয়েকটি দাবি যৌক্তিক। বিশেষ করে নগরে বাসটার্মিনাল নির্মাণের দাবির সঙ্গে আমরাও একমত। এটা সিডিএ ও সিটি করপোরেশনের এখতিয়ার। তবে রাস্তায় পুলিশি হয়রানির বিষয়টি আমরা কঠোরভাবে বিবেচনায় নিয়েছি।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, ‘আমাদের প্রতিটি দাবি যৌক্তিক। দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা অনেকবার সময় দিয়েছি। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দুই মাসের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।’
জেএসসি পরীক্ষার্থীদের সকাল আটটার পর থেকেই বিভিন্ন মোড়ে যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। নয়টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আশকারাবাদ এলাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বহনকারী অটোরিকশা চলাচলে বাধা দেন পরিবহনশ্রমিকেরা।
আশকারাবাদে অভিভাবক আফসার উদ্দিন বলেন, ‘আমরা পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে কোনোভাবে একটি অটোরিকশা জোগাড় করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলাম। সকাল ১০টায় পরীক্ষা শুরু। অথচ আমাদের কোনো কথাই শুনলেন না পরিবহনশ্রমিকেরা।’
নগরের কদমতলী, অক্সিজেন মোড়, বহদ্দারহাট ও অলংকার মোড়ে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লা গাড়ি চলাচল বন্ধ ছিল। এ কারণে অনেক যাত্রী বাসায় ফিরে যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় বহদ্দারহাট বাস টার্মিনালে বান্দরবানগামী যাত্রী ফারুক হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি ধর্মঘটের কথা জানি না। এখানে এসে জানলাম। কোনো বাস চলবে না। তাই বাসায় চলে যাচ্ছি।’