
ফেনীর ফাজিলপুর রেলস্টেশনের অদূরে ঢাকাগামী মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুটি ট্রেনের যাত্রা বাতিল হয়৷ উদ্ধার অভিযান শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই পথে রেল চলাচল আবার শুরু হয়৷
রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রাত আড়াইটার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের চারটি বগি ফাজিলপুর স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। এতে ওই পথ দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে চট্টগ্রাম ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফাজিলপুর রেলস্টেশন মাস্টার রাখাল চন্দ্র নাথ জানান, উদ্ধারকাজ শেষ হলে গতকাল বিকেল চারটা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মিহির কান্তি গুহ জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনার জন্য ঢাকা, সিলেট ও চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। চট্টগ্রাম থেকে মহানগর প্রভাতী ও কর্ণফুলীর যাত্রা বাতিল করা হয়। ঢাকাগামী গোধূলী ও সিলেটগামী পাহাড়িকা চট্টগ্রামের পরিবর্তে ফেনী স্টেশন থেকে যাত্রা শুরু করে। সুবর্ণ এক্সপ্রেস গতকাল ভোরের পরিবর্তে বিকেল চারটা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়৷
দুটি ট্রেনের যাত্রা বাতিল ও কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন৷ রিজওয়ান হাসান নামের এক যাত্রী বলেন, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় চট্টগ্রাম স্টেশনে এসে জানতে পারি, সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করতে দেরি হবে। ঘণ্টা খানেক অপেক্ষা করে অনিশ্চিত পিরস্থিতি দেখে টিকিট ফেরত দিই৷’
রাশেদুল মোমেন নামের এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে আমার ঢাকায় যাওয়ার কথা ছিল৷ স্টেশনে ঘণ্টা দেড়েক অপেক্ষা করে টিকিট ফেরত দিয়েছি৷’