স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের উন্নয়নের অর্থ হচ্ছে দেশের উন্নয়ন। দেশের স্বার্থে বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে সম্ভব সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। চট্টগ্রাম সমিতির বার্ষিক মেজবানে তিনিসহ উপস্থিত অন্য মন্ত্রীরা চট্টগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গতকাল শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মেজবান অনুষ্ঠিত হয়। মেজবানকে ঘিরে গতকাল সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. ফজলুল করিম চট্টগ্রাম সমিতির মেজবানের ঐতিহ্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, চট্টগ্রামের সঙ্গে চীনের সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে সম্ভাব্যতা যাচাই চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আসন্ন চীন সফরে এ বিষয়ে কথা বলবেন। এ ছাড়া সো নাদিয়াতে গভীর সমুদ্রবন্দর স্থাপনের কাজ চলছে। এ সমুদ্রবন্দর বাস্তবায়িত হলে চট্টগ্রাম সমৃদ্ধ শহরে পরিণত হবে। এ ছাড়া চট্টগ্রাম বিমানবন্দরের আধুনিকীকরণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ দ্রুত ও আধুনিকীকরণসহ চট্টগ্রামের উন্নয়নে সরকার নানা পরিকল্পনা নিচ্ছে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চট্টগ্রামের উন্নয়নের দাবি, সারা দেশের মানুষেরই দাবি। এ কারণে সরকার চট্টগ্রামের উন্নয়নে সচেষ্ট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আফসারুল আমীন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আবদুল মোবাকর এবং সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খান। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে আইন করা, কর্ণফুলী গ্যাস কোম্পানি চালু করতে কার্যকর ব্যবস্থা, ঢাকা-চট্টগ্রাম প্রচলিত রেললাইনকে ম্যাগনেটিক রেললাইনে রূপান্তর, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ আট দফা দাবি জানানো হয়।চারজনকে সম্মাননা: ২০১০ সালে চট্টগ্রাম সমিতি চারজনকে সম্মাননা পদক দিয়েছে। তাঁদের মধ্যে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং চট্টগ্রাম সমিতিকে একটি ভিত্তির ওপর প্রতিষ্ঠার জন্য কাজ করায় জহুর আহমেদ চৌধুরীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ায় মরণোত্তর পদক পান শ্যামসুন্দর বৈষ্ণব।