চট্টগ্রামের সন্ত্রাসী বিধান বড়ুয়া ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা, খুনসহ ২২ মামলার আসামি ও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর গতকাল রোববার পুলিশ তাঁকে বিচারিক হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, একটি অস্ত্র মামলায় তাঁরা বিধানের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করার পর তাঁরা তাঁকে নগরের পাঁচলাইশ থানার নিরাপত্তা হেফাজতে নেন।রেফায়েত উল্লাহ বলেন, বিধানের বিরুদ্ধে রাউজান থানাতেই মামলা আছে ১৯টি, যার বেশির ভাগ হত্যা, খুন, অপহরণ ও চাঁদাবাজির। একটি হত্যা মামলায় তাঁর ২০ বছরের জেল হয়েছে। রাঙ্গুনিয়া ও নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে।পুলিশ সূত্র জানায়, বিধান বড়ুয়া নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ইউসুফ আলী নামে জাল পাসপোর্ট নিয়ে গত ছয় বছর কুয়েত ছিলেন তিনি। তিন সপ্তাহ আগে গোপনে ঢাকার বিমানবন্দর দিয়ে দেশে পৌঁছার পর তিনি ফেনীর লেমুয়ায় আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে র‌্যাব গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে।