চট্টগ্রামের সমাবেশে ১০ লাখ লোকের সমাগম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, বুধবারের মহাসমাবেশ স্মরণকালের বৃহত্তম সমাবেশ। পলোগ্রাউন্ডের ওই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হয়েছে। তবে বেশি লোক আসায় জনগণের চলাচলে বিঘ্ন ঘটায় নেতারা দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামে সর্বপ্রথম উড়ালসড়ক আওয়ামী লীগের আমলেই নির্মাণ শুরু হয়। এ রকম আরও পাঁচটি উড়ালসড়ক নির্মাণাধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন হবে। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, হঠাৎ করে বললেই গভীর সমুদ্রবন্দর হবে না। এ ধরনের বড় বাজেটের কাজ সময়সাপেক্ষ। মহাসমাবেশ সফলের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ১৪ দলের শরিক অন্যান্য দল ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ার প্রমুখ।