চট্টগ্রামের সরকারি ছয় বিদ্যুৎ কেন্দ্রের ছাড়পত্র নেই
চট্টগ্রামের ছয়টি সরকারি বিদ্যুৎকেন্দ্র চলছে পরিবেশের ছাড়পত্র ছাড়া। লাল শ্রেণীভুক্ত এসব কারখানা ফার্নেস অয়েল, গরম পানিসহ বিভিন্ন তরল বর্জ্য ফেলে নদী ও মাটি দূষিত করছে প্রতিনিয়ত। এ ছাড়া শব্দদূষণও রয়েছে। দূষণ করে মাফ পেয়ে যাচ্ছে এসব বিদ্যুৎকেন্দ্র।জানা গেছে, চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে তেল ফেলা হয়েছিল ১০০ মেগাওয়াট হাটহাজারী পিকিং প্লান্ট থেকে। পরে গত ২২ মে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অ্যনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ওই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন। কিন্তু গত আগস্ট মাসে মন্ত্রণালয় থেকে ওই জরিমানা ক্ষমা করে দেওয়া হয়। হাটহজারী পিকিং প্লান্ট এখন পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছে বলে জানা গেছে।জানা গেছে, চট্টগ্রামের সবচেয়ে পুরোনো বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ২২০ মেগাওয়াট কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই পানি বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরিবেশ ছাড়পত্র নেয়নি।অন্যগুলোর মধ্যে ১০০ মেগাওয়াট দোহাজারী-কালিয়াইশ পিকিং পাওয়ার প্লান্ট ও হাটহাজারী পিকিং পাওয়ার প্লান্ট গত বছরের ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয়। এ ছাড়া ১৫০ মেগাওয়াট শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্ট ২০১০ সালে, ৪২০ মেগাওয়াট রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র ১৯৯৩ সালে এবং ৬০ মোগাওয়াট শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র ১৯৮৪ সালে চালু হয়।এসবের মধ্যে হাটহাজারী ও দোহাজারী বিদ্যুৎকেন্দ্র ফার্নেস অয়েল দিয়ে চলে। এ ছাড়া শিকলবাহার দুটি ও রাউজান বিদ্যুৎকেন্দ্র গ্যাসভিত্তিক।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুনুর রশীদ বলেন, বিদ্যুৎকেন্দ্র লাল শ্রেণীভুক্ত কারখানা। এসব কেন্দ্রের অবশ্যই ছাড়পত্রের দরকার হয়। তবে চট্টগ্রামের সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো এখনো ছাড়পত্র পায়নি।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনো এলাকায় বিদ্যুৎকেন্দ্র করার আগে ওই এলাকা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উপযোগী কি না, সে জন্য পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। এরপর কেন্দ্র চালু করার আগে পরিবেশগত ছাড়পত্র দরকার। প্রতিবছর ওই ছাড়পত্র নবায়ন করার নিয়ম রয়েছে।বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত ছাড়পত্র দরকার উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, ‘ছয়টি সরকারি বিদ্যুৎকেন্দ্র এত দিন ছাড়পত্র ছাড়া চলেছে। এখন কেউ কেউ আমাদের কাছে ছাড়পত্রের জন্য আবেদন করেছে।’কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কেন পরিবেশগত ছাড়পত্র লাগবে? আমাদের তো কোনো দূষণ নেই। আর যদি ছাড়পত্র লাগেও, সেটা আমার জানা নেই। আমরা ছাড়পত্রের জন্য কোনো আবেদন করিনি।’