চট্টগ্রামের সরকারি বিদ্যালয়ে এসবিএর বাস্তবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেশির ভাগ সরকারি বিদ্যালয়েই এসবিএর (বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন) কোনো বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এ পদ্ধতির মূল লক্ষ্যই ব্যাহত হচ্ছে। এসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। বিষয়টি স্বীকার করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি বলেন, ‘সরকারি বিদ্যালয়গুলোতে এ পদ্ধতি বাস্তবায়ন না হওয়ার প্রধান কারণ বোর্ডের পরীক্ষায় এটি অন্তর্ভুক্ত না থাকা। তবে পদ্ধতিগতভাবে না হলেও প্রচলিত ধারায় ছয়টি বিষয়ের চর্চা হচ্ছে এগুলোতে। আমরা এর পরিপূর্ণ বাস্তবায়নের জন্য পরবর্তী সময়ে নজরদারি বাড়াব।’এসবিএর লক্ষ্য হচ্ছে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক ও মানসিক বিকাশ ঘটানো। যাতে সহশিক্ষাক্রমিক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এগুলো অনুশীলনের মাধ্যমে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারে। গত ২০০৫ সালে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকার দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এসবিএ পদ্ধতি চালু করে। বোর্ডের পরীক্ষায় এসবিএর নম্বর যোগ হয় না। তবে বিদ্যালয়ের অর্ধসাময়িক, সাময়িক ও বার্ষিক পরীক্ষায় এ নম্বর যোগ করে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর ফলাফল প্রকাশ করার বিধান রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি বিদ্যালয়গুলোতে এসবিএ পদ্ধতির কম-বেশি অনুশীলন হচ্ছে। কিন্তু বেশির ভাগ সরকারি বিদ্যালয়ে এর কোনো অনুশীলনই হচ্ছে না। শুধু পরীক্ষায় অনুমানভিত্তিক নম্বর বণ্টন করা হয় শিক্ষার্থীকে।নাম প্রকাশে অনিচ্ছুক নগরের একটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ‘পদ্ধতিটি ভালো এবং যুগোপযোগী নিঃসন্দেহে। কিন্তু আমাদের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ভারসাম্যপূর্ণ নয়। শিক্ষকস্বল্পতার কারণে এসবিএর পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।’এসবিএ পদ্ধতিতে শিক্ষার্থীকে ছয়টি বিষয়ে মূল্যায়ন করা হয়। এগুলো হচ্ছে শ্রেণীর কাজ ও ব্যবহারিক কাজ, শ্রেণী অভীক্ষা, বাড়ির কাজ, নির্ধারিত কাজ, মৌখিক উপস্থাপন ও দলীয় কাজ। এসব বিষয়ের প্রতিটিতে পাঁচ নম্বর করে ছয়টি ক্ষেত্রে ৩০ নম্বর বরাদ্দ রয়েছে। এখানে পাওয়া নম্বরের ৭০ শতাংশ যোগ হয় অর্ধসাময়িক, সাময়িক ও বার্ষিক পরীক্ষায়।চট্টগ্রাম নগরে নয়টি সরকারি বিদ্যালয় রয়েছে। এগুলো হচ্ছে: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।