চট্টগ্রামের সাংস্কৃতিক পরিবেশ মুগ্ধ করেছে আমাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ভারতের নৃত্যগুরু পৌষালী মুখার্জি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ওডিশি নাচের চর্চা করছেন। শাস্ত্রীয় এই নাচ নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এ দেশের অনেক নৃত্যশিল্পী তাঁর কাছ থেকে তালিমও নিয়েছেন। সম্প্রতি ওডিশি নাচের কর্মশালা পরিচালনা করতে এসেছেন চট্টগ্রামে। কর্মশালার একফাঁকে গত মঙ্গলবার দুপুরে প্রথম আলোর মুখোমুখি হন তিনি। কথোপকথনে উঠে আসে ওডিশি নাচের নানা প্রসঙ্গ, ভারত ও বাংলাদেশের সংস্কৃতিচর্চার নানা দিক
পৌষালী মুখার্জি l ছবি: জুয়েল শীল
পৌষালী মুখার্জি l ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে আগে এসেছেন?
এ নিয়ে দ্বিতীয়বার। প্রথম এসেছিলাম ১৬ বছর আগে। আমার ছাত্রী প্রমা অবন্তীর অনুষ্ঠান উপলক্ষে।

কেমন লাগছে চট্টগ্রাম?
এক কথায় অসাধারণ। ছিমছাম সুন্দর শহর। এখানকার সাংস্কৃতিক জগৎ ভীষণ সমৃদ্ধ। কলকাতায় উন্মুক্ত চত্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন দেখিনি। এখানে এসে দেখলাম মানুষজন কী উচ্ছ্বাস নিয়ে নববর্ষ উদ্‌যাপন করছে! সংস্কৃতি আসলে এখানকার জাতীয় চেতনার অংশ। অনেক প্রতিকূলতা সত্ত্বেও এখানকার মানুষজন পিছু হটেনি।
শৈশব ও কৈশোরে তবলা বাজাতেন, তবলা ছেড়ে ওডিশি নাচের জগতে কী করে এলেন?
আমি বড় হয়েছি সাংস্কৃতিক পরিমণ্ডলে। আমাদের কলকাতার বউবাজারের বাসায় গুঞ্জন নামের একটা গানের স্কুল চালাতেন বাবা-মা। সেখানে লোকনৃত্যের মাস্টারমশাই কানাইলাল মজুমদারের কাছে প্রথম রবীন্দ্রনৃত্য শিখেছি। এরপর অল ইন্ডিয়া রেডিওর শিশুমেলা অনুষ্ঠানে তবলা বাজাতাম। কলেজে পড়ার সময় একবার বঙ্গ সাংস্কৃতিক সম্মেলনে গেছি তবলা বাজাতে। সেই অনুষ্ঠানে নাচ পরিবেশন করেছেন ওডিশি নৃত্যশিল্পী সংযুক্তা পানিগ্রাহী। তাঁর নাচ দেখে এতই মুগ্ধ হলাম যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওডিশি নাচ শিখব। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেখানে তবলা তখনো বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। আমি তাই ওডিশি নাচ নিয়ে পড়তে শুরু করলাম। স্নাতক ডিগ্রি নেওয়ার পর কটকে চলে যাই নৃত্যগুরু কেলুচরণ মহাপত্রের কাছ থেকে ওডিশি তালিম নিতে। ১৯৮৩-৮৪ সালে তাঁর কাছে দুই বছর নাচ শিখে যাই মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার অব পারফর্মিং আর্টে। সেখানে কিছুদিন তালিম নিয়ে দিল্লির মাধবী মুদগালের কাছেও নাচ শিখি।
অন্য সব শাস্ত্রীয় নাচের চেয়ে ওডিশি কোন দিক থেকে আলাদা?
এই নাচের ভঙ্গিতে একটা ভাস্কর্যপ্রতিম ব্যাপার আছে। অনুভূতি প্রকাশের জন্য সুনির্দিষ্ট মুদ্রা রয়েছে। দৃষ্টিনন্দন ও শিল্প সুষমাযুক্ত বলেই আজও ওডিশি জনপ্রিয়। এটি এখন বিশ্বের শিল্প ঐতিহ্যের অংশ।
ওডিশি নাচ কি বদলাচ্ছে? এর ভবিষ্যৎ কী?

এখন সব শিল্পমাধ্যমই পাল্টাচ্ছে। ওডিশি নাচ এর বাইরে কী করে থাকবে? না বদলালে তো ফসিলে পরিণত হবে। যদিও আমি এখনো ফিউশনজাতীয় কোনো নিরীক্ষা করিনি।

চট্টগ্রামেও তো ওডিশি নাচের একটা ধারা তৈরি হচ্ছে। আর আপনার ছাত্রী প্রমা অবন্তী তার নেতৃত্ব দিচ্ছেন?

সত্যি বিষয়টা ভাবতেই খুব ভালো লাগে। প্রমা আমার কাছ থেকে তালিম নেওয়ার পর দীর্ঘ এত বছর নিজের চেষ্টায় এগিয়েছে। নাচের দল গড়ে তুলেছে। এখানকার মানুষ নিয়মিত ওডিশি নাচও দেখছে। আমি এবার প্রায় ৩৫ জনের মতো মেয়েকে কর্মশালায় নাচ শিখিয়েছি। এদের সবাই খুব প্রতিভাবান। এদের মধ্য থেকেও ওডিশি নাচের শিল্পী তৈরি হবে।

এত বছর নাচ করেছেন, আপনার সবচেয়ে বড় অর্জন কী?

আমি অনেক স্বীকৃতি ও সম্মান পেয়েছি। তবে সেসবকে বড় অর্জন মনে করি না। ৩০ বছর ধরে নাচ শিখাই। উপমহাদেশের নানা অঞ্চলে আমার ছাত্রছাত্রী রয়েছে। নাচটা যে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলাম, সেটাই সবচেয়ে বড় তৃপ্তি।