চট্টগ্রামের সাতটি ওষুধের দোকানকে জরিমানা
অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের সাতটি ওষুধ দোকানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১০ কার্টন ওষুধ জব্দ করা হয়। গতকাল সোমবার নগরের লালদীঘিরপাড় ও আশপাশের এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। সঙ্গে ছিলেন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব।
জরিমানা করা দোকানগুলোর মধ্যে ওভারসিজ ফার্মেসিকে ৩০ হাজার, আয়েশা মেডিকোকে ১০ হাজার, এনাম মেডিকেল হলকে ২০ হাজার, এফ এম মেডিকেল হলকে ১৫ হাজার, মাহিম মেডিকোকে ১০ হাজার, নাহার মেডিকোকে ৫ হাজার এবং নিউ কন্টিনেন্ট মেডিকোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, বিভিন্ন দোকান থেকে গরু মোটাতাজাকরণের ওষুধসহ প্রায় ১০ কার্টন ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের মধ্যে অনুমোদনহীন স্যালাইন, সিরিঞ্জ এবং সরকারি হাসপাতালের ওষুধ রয়েছে।
মুহসীনিন মাহবুব বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গরু মোটাতাজাকরণের ওষুধও বিক্রি করছিল এসব দোকান। এ রকম এক কার্টন ওষুধ পাওয়া যায়। এগুলো অনুমোদনহীন।
এদিকে গতকাল হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় অপর এক অভিযানে তিনটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অভয় মেডিকেল হলকে ৫ হাজার টাকা, জননী ফার্মেসিকে ২ হাজার এবং নন্দী মেডিকোকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসূন কুমার চক্রবর্তী অভিযানে নেতৃত্ব দেন।