চট্টগ্রামের সাড়ে ৪ হাজার জলাশয়ের দুই-তৃতীয়াংশই ভরাট হয়ে গেছে
চট্টগ্রাম বিভাগে থাকা ৪ হাজার ৫২৩টি পুকুর, দিঘি ও জলাশয়ের দুই-তৃতীয়াংশই ভরাট করে ফেলা হয়েছে। ক্ষমতাশালী স্বার্থান্বেষী মহল পুকুর-জলাশয়-দিঘি ভরাট এবং পাহাড় কাটার সঙ্গে জড়িত। জলাশয় ভরাট ও পাহাড় কাটার কারণে পরিবেশ হুমকির মুখে পড়লেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে আয়োজিত ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, দিঘি ও জলাশয়-এর গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে নগরের একটি হোটেলে এই সভা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দর খান। বক্তারা বলেন, পুকুর-দিঘি ভরাটের কারণে নগরে পানির সংকট ক্রমে বাড়ছে। এগুলো ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণের পানি সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ। পাহাড় কাটা, পুকুর ভরাট রোধে প্রচলিত আইনে ফাঁক থাকায় জড়িতদের আইনের আওতায় আনা যাচ্ছে না।