চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকায় জোয়ারের পানি
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জোয়ারের সময় হাঁটুসমান পানি ওঠে। গতকাল মঙ্গলবারও একইভাবে আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয় লোকজনের ভোগান্তি বাড়ে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও এর কোনো প্রতিকার নেই।জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হয়েছে। একই কারণে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ফুট উচ্চতার জোয়ার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই জোয়ারের পানিতে তলিয়ে গেছে সিডিএ আবাসিক এলাকা। সংকুচিত হয়ে যাওয়া মহেশ খাল উপচে এই পানি এলাকায় ছড়িয়ে পড়ে।সরেজমিন দেখা গেছে, গতকাল দুপুরে জোয়ারের পানি সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন বাসাবাড়ির নিচতলা, এমনকি স্কুল-কলেজেও ঢুকে পড়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী হাঁটুপানি মাড়িয়ে পথ চলছে।ওই এলাকার বাসিন্দা প্রীতম রায় নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘ভরা জোয়ারে আমাদের এখানে পানি উঠে রাস্তাঘাট তলিয়ে যায়। তখন সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।’দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম গতকাল একটি জানাজায় যাওয়ার জন্য বের হন। কিন্তু তাঁর গাড়িটি পানিতে আটকা পড়ে। সিডিএ আবাসিক এলাকা ছাড়াও বাছা সওদাগর এলাকা থেকে গাউছিয়া ভবন, আবদুল লতিফ সড়ক, ওয়ার্ড অফিস এলাকায় পানি উঠেছে।মেয়র মোহাম্মদ মন্জুর আলম গত ৩০ জুলাই বলেন, ‘সিডিএ আবাসিক এলাকায় পানি ওঠে জোয়ারের কারণে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে আমরা স্লুইসগেট বসানোর কাজ শুরু করেছি। অচিরেই এ সমস্যা থেকে মুক্তি মিলবে।’