চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের শেখনগর এলাকায় ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞাতনামা এক ছেলেশিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। একই দিন বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আল আমিন (৭) নামের অপর এক শিশু মারা গেছে।জানা গেছে, উপজেলার শেখনগর এলাকায় দুপুর ১২টার দিকে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস নামে চলন্ত ট্রেনের বগিতে হাঁটার সময় শরীরের ভারসাম্য হারিয়ে অজ্ঞাতনামা শিশু (১২) পড়ে গিয়ে নিহত হয়। শিশুটির পরনে কালো হাফ প্যান্ট ও সবুজ সোয়েটার ছিল। সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার মতিলাল বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিআরপিকে জানানো হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ভারসাম্য হারিয়ে শিশুটি পড়ে যায় বলে তিনি জানান। এদিকে, গতকাল বিকেলে ভাটিয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় আল আমিন গুরুতর আহত হয়। সে একই এলাকার নুরুল আমিনের ছেলে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।