চট্টগ্রামের সেই ওসিকে প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আরা বেগমকে ওই থানা থেকে প্রত্যাহারের সুপারিশ করেছে পুলিশের একটি তদন্ত কমিটি।জানা গেছে, রওশন আরার ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় এই সুপারিশ করা হয়। এ সংক্রান্ত সুপারিশ তিন দিন আগে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ওসি রওশন আরা বেগমের ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ লেনদেনের ব্যাপারে তাঁর কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এ কারণে তাঁকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘চট্টগ্রামে পুলিশের এক ওসির ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সূত্র জানায়, ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশের উপকমিশনারকে (উত্তর) প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ওই ওসি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ শেষে পুলিশ সদর দপ্তরে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে ওসি রওশন আরা বেগমকে চান্দগাঁও থানা থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়।