ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানির মালামাল ছিনতাই চক্রের প্রধান মোহাম্মদ মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে শনিবার রাতে পাহাড়তলির বউ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পলিথিন তৈরির কাঁচামাল রেজিন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন রতন, মোহাম্মদ আলী, নান্টু ও বোরহানউদ্দিন। তাঁরা পিচ্চি মাসুদের সহযোগী। এর আগে রেজিনসহ গ্রেপ্তার করা হয় জাকির নামে অন্য একজনকে। সূত্র জানায়, গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহরের আনু ফকিরের মাজারসংলগ্ন তালতলা এলাকা থেকে পুলিশ ৯০ বস্তা চোরাই রেজিন উদ্ধার করে। এ সময় পিচ্চি মাসুদের শ্যালক জাকির গ্রেপ্তার হন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানান, রেজিন ছিনতাইয়ের সঙ্গে তাঁর ভগ্নিপতি পিচ্চি মাসুদ ও ডাইল ইকবাল জড়িত।গত বছরের ২৭ অক্টোবর এই ৯০ বস্তা রেজিন ছিনতাই হয়। ওই দিন মালিকপক্ষ জেলার পটিয়া থানায় একটি মামলা করে। ঢাকার একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের মালিক ওই রেজিন আমদানি করেছিলেন। জানা গেছে, জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসারউদ্দিন চৌধুরীর নেতৃত্বে শনিবার রাতে পিচ্চি মাসুদকে ধরতে পাহাড়তলির বউ বাজার এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ রেস্তোরাঁয় একটি টেবিলের নিচে লুকিয়ে থাকার ব্যর্থ চেষ্টা করেন। শনিবার রাতের আগে গত বছরের ১৪ নভেম্বর রাতে গোয়েন্দা পুলিশ পিচ্চি মাসুদকে গ্রেপ্তার করেছিল।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পিচ্চি মাসুদসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাঁদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পিচ্চি মাসুদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানির মালামাল ছিনতাই চক্রের সঙ্গে তিনি জড়িত। জানা গেছে, পিচ্চি মাসুদের চট্টগ্রাম মহানগরে দুটি বাড়ি ও একটি প্লট আছে। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের জন্য আছে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান। এক যুগ আগে তিনি ছিলেন গুদামের কুলি। এখন তিনি কোটিপতি।