চট্টগ্রামের সেই বাড়িতে র‌্যাবের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়ি দিয়ে বাড়ির মালিককে ফাঁসানোর চেষ্টার ঘটনায় র‌্যাব সদর দপ্তর থেকে আসা চার সদস্যের একটি দল গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তদন্ত দলের নেতৃত্ব দিয়েছেন স্কোয়াড্রন লিডার আরাফাত। তদন্ত দল গতকাল দুপুর দেড়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বাড়ির মালিকের ছেলে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এদিকে র‌্যাবের সোর্স মো. এবাদুর রহমানকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রিমান্ডে নতুন কোনো তথ্য তাঁর কাছ থেকে কোতোয়ালি থানার পুলিশ পায়নি। প্রসঙ্গত, লাভ লেইন এলাকার একটি বিরোধপূর্ণ বাড়ির মালিকানা নিয়ে মামলা চলছে। র‌্যাব সদস্যরা গত শুক্রবার সকালে ওই বাড়িতে অভিযান চালাতে যান। অভিযানের আগেই সোর্স এবাদুর ইয়াবা বড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। এবাদুর এক পোঁটলা ইয়াবা ঘরের মধ্যে ফেলার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় বোরকা পরা আরেক সোর্স আইয়ুব পালিয়ে যান। ঘটনার সময় এবাদুরের হাতে হাতকড়া পরিয়েছে কে—র‌্যাব না পুলিশ, সে বিষয়টির ওপর র‌্যাবের তদন্ত দল জোর দেয় বলে জানা গেছে। এ ছাড়া অভিযান পরিচালনাকারী র‌্যাব সদস্যরা সোর্স নিয়ে কখন এবং কীভাবে ওই বাড়িতে যান, তা জানতে চেয়েছে র‌্যাবের তদন্ত দল। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও তদন্ত দল কথা বলেছে। বিরোধপূর্ণ বাড়ির মালিকের ছেলে শরীফুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সোর্স এবাদুরকে র‌্যাব, নাকি পুলিশ হাতকড়া পরিয়েছে, তা জানতে চেয়েছে তদন্ত দল। আমরা বলেছি, ইয়াবা বড়িসহ হাতেনাতে ধরা পড়ার পরও এবাদুরকে হাতকড়া পরাতে চাননি অভিযানে আসা র‌্যাব সদস্যরা। আমাদের চাপাচাপিতে একপর্যায়ে সোর্সের হাতে কড়া পরানো হয়। পরে পুলিশ এসে ওই হাতকড়া খুলে আরেকটি হাতকড়া পরায়।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রিমান্ডে এবাদুর নতুন কোনো তথ্য দেননি। তাই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।