চট্টগ্রামের সেই যুবলীগ নেতার পাঁচ দিনের রিমান্ড আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কথিত সেই যুবলীগের নেতা সোহেল রানাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। দু-এক দিনের মধ্যে রিমান্ড শুনানি হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

যুবলীগের নেতা পরিচয় দিয়ে চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দরপত্র নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে সোহেল রানার বিরুদ্ধে। তাঁর দাপটের কারণে প্রতিষ্ঠানটির একজন নির্বাহী প্রকৌশলী সপ্তাহ খানেক ধরে বহদ্দারহাটের কার্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার নগরের বাদুরতলা এলাকা থেকে গ্রেপ্তার হন সোহেল রানা।

পুলিশ সূত্র জানায়, সোহেল রানার দাপটে ঠিকাদার ও পাউবোর কর্মকর্তারা দীর্ঘদিন অসহায় ছিলেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া এক সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এমনকি তিনি তাঁর মুঠোফোনটিও বন্ধ রেখেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘একটি দরপত্র আহ্বানের পর সোহেল রানা নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়ার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁর খুঁটির জোর কোথায়, তা আমরা বের করার চেষ্টা করছি।’

ফিরোজ আহমদ নামের একজন ঠিকাদারের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার নগরের বাদুরতলা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। তাঁর বিরুদ্ধে ওই ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নগরের অলি খাঁ মসজিদ এলাকায় ফিরোজের ওপর হামলা চালান সোহেল রানা। ওই সময় আরও কয়েকজন দুর্বৃত্ত তাঁর সঙ্গে ছিল। স্থানীয় সূত্র জানায়, একজন মন্ত্রীর ভাইয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুবলীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি চন্দন ধর বলেন, ‘সোহেল রানা নামের কেউ যুবলীগের নগর, ওয়ার্ড বা ইউনিট কমিটিতে নেই। এই ব্যক্তিকে আমি নিজেও চিনি না। তাঁর সম্পর্কে আমার মন্তব্য নেই।’