নগরের দামপাড়ায় অবস্থিত টেলিটকের পরিবেশকের কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ গত শনিবার রাতে তিন চোরকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন চন্দনাইশ এলাকায় ‘দানবীর’ হিসেবে পরিচিত। কয়েক মাস আগে জামিনে বেরিয়ে এই ‘দানবীর’ আবার বড় ধরনের কয়েকটি চুরির ঘটনায় অংশ নেন।গ্রেপ্তার হওয়া তিন চোর হলেন: বদিউল আলম, আবুল কালাম ও মুরাদুল আলম। তাঁদের মধ্যে বদিউল আলম এলাকায় ‘দানবীর’ হিসেবে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি চন্দনাইশের ধোপাছড়ি এলাকায়। চুরি করা টাকার একটি অংশ তিনি এলাকায় মসজিদ, মক্তব ও এতিমখানায় দান করেন। এ কারণে আলম বদিউল এলাকায় ‘দানবীর’ হিসেবে পরিচিতি পান। গত শনিবার নগরের কাজীর দেউরি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ‘দানবীর’ বদিউল গত বছরের জুন মাসের প্রথম সপ্তাহে একবার গ্রেপ্তার হন। ওই সময় নগরের গোলপাহাড় এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ২৩ লাখ টাকা চুরির ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এ মামলায় মাস ছয়েক জেল খেটেছেন তিনি। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের কর্মীদের একটি সমিতির কক্ষে টাকা চুরির ঘটনায় আমরা বদিউলসহ তিনজনকে গ্রেপ্তার করি। কিন্তু চোরেরা ব্যাংক কার্যালয়ে চুরির সঙ্গে জড়িত নয় বলে দাবি করে। তবে দামপাড়া টেলিটকের পরিবেশক কার্যালয় থেকে ঈদের আগে দুই লাখ টাকা চুরি করে বলে স্বীকার করে।’ পুলিশ সূত্র জানায়, বদিউল দামপাড়া টেলিটক পরিবেশকের কার্যালয় থেকে দুই লাখ টাকা চুরির কথা স্বীকার করলেও মামলার এজাহারে পরিবেশক প্রতিষ্ঠান এক লাখ ২০ হাজার টাকা চুরির কথা উল্লেখ করেছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, গ্রেপ্তারের পর বদিউল ও তাঁর দুই সহযোগী গত ৮ আগস্ট দামপাড়া এলাকায় টেলিটকের পরিবেশক কার্যালয়ে চুরির কথা স্বীকার করেছেন। এ ছাড়া চট্টগ্রাম ও কুমিল্লায় আরও বড় ধরনের ছয়টি চুরির কথা স্বীকার করেছেন। তবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয় থেকে চুরির কথা বারবার অস্বীকার করে যাচ্ছেন।পুলিশের ধারণা, ‘দানবীর’ বদিউল গত ১ আগস্ট কোতোয়ালি থানাধীন বাংলাদেশ ব্যাংকে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বদিউল প্রথম আলোকে বলেন, ‘গরিব পরিবারে আমার জন্ম। গ্রামে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। এলাকায় বিভিন্ন চায়ের দোকানে ১০ বছর কাজ করেছি। ১৯৯৬ সালের দিকে চট্টগ্রাম শহরে আসি। চুরির টাকা এলাকায় মসজিদ-মক্তবে দান করি।’পুলিশ পরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, নগরের স্বর্ণের দোকান, ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান ও অভিজাত এলাকার ফ্ল্যাটে চুরির নেতৃত্ব দিয়ে আসছেন বদিউল।