চট্টগ্রামের স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বগারবিল এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এক স্কুলছাত্রীর (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সুলতানা আক্তার নামের এ শিশুটি বস্তি এলাকার টিএমএসএস নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালিত অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করত।পুলিশ সূত্রে জানা গেছে, সুলতানার শরীরে ক্ষতচিহ্ন দেখা গেছে। পাশের জলাভূমিতে তার মরদেহ ইট চাপা দিয়ে রাখা হয়েছিল। বস্তির ছোট শিশুরা খেলার সময় মরদেহ দেখে বড়দের জানালে তাঁরা পুলিশকে খবর দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সুলতানা নিখোঁজ। গতকাল সকালে তার নিখোঁজ হওয়ার বিষয়টি মাইকে প্রচারণাও চালানো হয়। সুলতানার বাবা আবদুল মালেক দিনমজুর এবং মা নূরজাহান বেগম অন্যের বাসায় কাজ করতেন। তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিন বছর ধরে তাঁরা ওই এলাকার লতিফ মাঝির কলোনির বস্তিতে থাকেন।বাকলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সুলতানার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।