সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়
চট্টগ্রামের ১০ উপজেলায় এমএলএসএস পদ খালি
চট্টগ্রাম জেলার ১০ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এমএলএসএস ও নৈশপ্রহরীর স্থায়ী পদ খালি রয়েছে দীর্ঘদিন। ১৫ বছর ধরে এসব পদে নিয়োগ বন্ধ থাকায় অস্থায়ী লোকজন দিয়ে কোনোভাবে কাজ চালানো হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণকাজে সমস্যা হচ্ছে। বিভিন্ন সময়ে যন্ত্রপাতি চুরির অভিযোগও পাওয়া যায়। ১০ উপজেলার মধ্যে রয়েছে: বন্দর, বাঁশখালী, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, সীতাকুণ্ড, পটিয়া, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী ও আনোয়ারা। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়গুলোর জন্য এমএলএসএসের শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর ৩৬ হাজার ৯৬৮টি সরকারি বিদ্যালয়ে তিন ধাপে এমএলএসএস ও নৈশপ্রহরী নিয়োগের প্রক্রিয়া চলছে। এতেও বর্তমান সমস্যার সমাধান হবে আশা করছি।’ শিক্ষা কর্মকর্তা আরও জানান, তিন ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে চলতি অর্থবছরে, পরের বছর এবং এর পরের আর্থিক বছরে নিয়োগ-প্রক্রিয়ার সমন্বয় করা হবে।সরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টর, ইউপিএসসহ গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ থাকে। ফলে এগুলোর পাহারার জন্য স্থায়ীভাবে নৈশপ্রহরীর প্রয়োজন। তা না হলে এসব উপকরণ চুরি হওয়া এবং খোয়া যাওয়ার আশঙ্কা থাকে। ইতিমধ্যে এ ধরনের কয়েকটি অভিযোগের কথা শোনা গেছে। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন থানা শিক্ষা কর্মকর্তা বলেন, অস্থায়ীভাবে নিয়োজিত লোকজনের কোনো দায়বদ্ধতা থাকে না। ফলে বিদ্যালয়ের এসব মূল্যবান যন্ত্রপাতি একবার খোয়া গেলে তার হদিস পাওয়া যায় না সহজে।জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অধীনে ২০ উপজেলার মধ্যে বাকি ১০টিতেও এমএলএসএস ও নৈশপ্রহরীর স্থায়ী পদে লোকবলের সংকট রয়েছে। ২০ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের জন্য মঞ্জুরীকৃত পদ রয়েছে ৮০টি। কিন্তু কর্মরত রয়েছেন মাত্র ১৯ জন। সংখ্যার হিসেবে যা অর্ধের চেয়েও কম। খালি রয়েছে ৬১টি পদ। এর মধ্যে চট্টগ্রাম নগরের ছয় থানার অধীন ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শুধু ৬০টিতে এবং বাকি ১৪ উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এমএলএসএস ও নৈশপ্রহরীর স্থায়ী পদের জনবল মঞ্জুর করা হয়। নগরের বন্দর থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মঞ্জুরীকৃত ছয়টি পদের সবই খালি রয়েছে। ডবলমুরিং থানাধীন বিভিন্ন বিদ্যালয়ের জন্য ১৫টি পদের মধ্যে চারজন, কোতোয়ালিতে ২৫টি পদের বিপরীতে পাঁচজন, পাঁচলাইশে সাতটির বিপরীতে তিনজন, পাহাড়তলীতে পাঁচটির বিপরীতে একজন, চান্দগাঁওয়ে আটটি পদের বিপরীতে একজন কাজে নিয়োজিত আছেন। ১৪ উপজেলার মধ্যে বাঁশখালী, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, সীতাকুণ্ড, পটিয়া, রাউজান, ফটিকছড়ি ও আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের জন্য একজন করে মঞ্জুরীকৃত পদের বিপরীতে সবই খালি রয়েছে।