চট্টগ্রামের ১০ পৌরসভায় নতুন নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার ১০টিসহ বিভাগের মোট ২৬টি পৌরসভায় ভোট ‘লুটের মহোৎসব’ চলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসব পৌরসভায় আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন দলের নেতারা। গতকাল বুধবার বিকেলে পৃথক দুটি সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার এ দাবি জানান।
বিএনপির এই দুই কেন্দ্রীয় নেতার বাসা চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়ক এলাকায়। তাঁরা নিজ নিজ বাসভবনে পৃথকভাবে এ সংবাদ সম্মেলন করেন। মীর নাছিরের বাসায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরী, রাউজানের পৌর মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান, সন্দ্বীপের প্রার্থী আজমত আলী বাহাদুর ও রাঙ্গুনিয়ার প্রার্থী হেলাল উদ্দিন শাহ উপস্থিত ছিলেন।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চট্টেশ্বরী রোডের ডালিয়া কুঞ্জের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন অভিযোগ করেন, চট্টগ্রামের বাঁশখালী ও পটিয়া ছাড়া বাকি ১০টি পৌরসভায় সকাল ১০টার মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। বিএনপির কোনো নেতা-কর্মী এবং সমর্থক ভোটকেন্দ্রে যেতে পারেননি। দুপুরের দিকে পটিয়া ও বাঁশখালী পৌরসভার কেন্দ্রগুলো দখল করে নেয় সরকারি দলের ক্যাডাররা। তিনি চট্টগ্রামের ১০ পৌরসভায় নতুন করে নির্বাচনের দাবি জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করেন বলেন, পৌর নির্বাচনের নামে কলঙ্কজনক অধ্যায় আবার রচিত হলো। ব্যালট পেপার লুট করে নৌকায় সিল মারা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রে ঘেঁষতে পারেননি। এ থেকে প্রমাণিত হলো এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।
গতকাল বিকেল চারটায় চট্টেশ্বরী রোডের বাসভবনে গোলাম আকবর খোন্দকার পৃথক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চট্টগ্রাম বিভাগের ৩৪টি পৌরসভার মধ্যে ২৬টি সরকারি দলের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মেরেছেন। এসব পৌরসভায় বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।
গোলাম আকবর খোন্দকার বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি সদর এবং মাটিরাঙা, বান্দরবানের একটি, চাঁদপুরের দুটি এবং কুমিল্লার দুটি পৌরসভা ছাড়া বাকিগুলোতে ভোট হয়নি। সেখানে চর দখলের মতো কেন্দ্র দখল করে নিয়েছেন সরকারি দলের প্রার্থীরা। এ অবস্থায় বিএনপি চট্টগ্রাম বিভাগের ২৬টি পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে।