
চট্টগ্রামে ১০টি পৌরসভায় সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র একজন নারী। আর মেয়র পদে মনোনয়নপত্রই কেউ কেনেননি। নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন। প্রতিদ্বন্দ্বিতায় থাকা মোট ৭৮ প্রার্থীর মধ্যে ৪৯ জনই মাধ্যমিক শেষ করতে পারেননি। স্নাতক পাস করেছেন কেবল দুজন। একজন কামিল পাস। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুসারে প্রার্থীদের মধ্যে ১৫ জন এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস ১১ জন। দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন দুজন। অষ্টম শ্রেণি পাস করেছেন ১৫ জন। নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেছেন সাতজন, অক্ষরজ্ঞান রয়েছে ১৬ জনের। বাকিদের পড়াশোনা অষ্টম শ্রেণির নিচে। আর দুজন কিছুই উল্লেখ করেননি।
প্রার্থীদের মধ্যে পটিয়া পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের শিরিন আকতার চৌধুরী কামিল পাস করেছেন। তিনি শিক্ষকতা পেশায় আছেন। স্নাতক পাস দুজন হচ্ছেন, বাঁশখালী পৌরসভার নিলুফা আকতার ও রাউজান পৌরসভার জেবুননেছা।
নারী প্রার্থীদের মধ্যে ৫৩ জনই গৃহিণী। ব্যবসা করেন ১১ জন। দুজন পেশার ঘরে লিখেছেন ‘হাঁস-মুরগি পালন’। দুজন পেশা হিসেবে লিখেছেন ‘কাউন্সিলর’।
অবশ্য পেশা হিসেবে ‘গৃহিণী’ উল্লেখ করা প্রার্থীদের মধ্যে ২২ জন তাঁদের আয় দেখিয়েছেন। এঁদের অনেকেই এই আয় হাঁস-মুরগি পালন থেকে করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। ব্যবসায়ী প্রার্থীদের সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। এঁদের মধ্যে দুজন কুটিরশিল্প, দুজন বিউটি পারলার, দুজন কমিশন ব্যবসা, একজনের পোশাক বিক্রি, একজনের আসবাব তৈরির দোকান রয়েছে।
হলফনামা অনুযায়ী তিন লাখ টাকার বেশি বার্ষিক আয় রয়েছে আট প্রার্থীর। সবচেয়ে বেশি আয় করা প্রার্থী বাঁশখালী পৌরসভান সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সরাবন তহুরা ফেরদৌসী। তাঁর বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকা, যদিও তিনি পেশায় একজন গৃহিণী। এ বিষয়ে অবশ্য সরাবন তহুরা ফেরদৌসী প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের কোনো আয় নেই। ওটা স্বামীর আয়ের টাকা।’
নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীদের সবারই অস্থাবর সম্পদ থাকলেও স্থাবর সম্পদ নেই বেশির ভাগ প্রার্থীর। ৭৮ জনের মধ্যে মাত্র ১৮ জনের স্থাবর সম্পত্তি আছে। এঁদের মধ্যে মাত্র দুজন টিনের ঘরের মালিক। বাকিদের অল্প পরিমাণে কৃষিজমি রয়েছে।
হলফনামায় দেখা গেছে, প্রার্থীদের মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভার সংরক্ষিত ২ নম্বরে ওয়ার্ডের প্রার্থী নীলু আকতারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। সাতকানিয়া সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিকু আরা বেগমের নামে রয়েছে দুটি মামলা। তিনি এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরও। মামলার বিষয়ে শিকু আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘জায়গাসম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ মামলাগুলো করেছে। একটি মামলা আমার ভাই ও আরেকটি মামলা ভাশুরের ছেলে করেছে। মামলাগুলো মিথ্যা। বর্তমানে আমি জামিনে আছি।’
সম্পূর্ণ নিজের আয় এবং সঞ্চয় দিয়ে নির্বাচন করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন ১২ জন। বাকি ৬৬ জনের সবাই স্বামী এবং আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করবেন। এক লাখের ওপর নির্বাচনী বাজেট রয়েছে ১৫ জনের। নির্বাচনে সবচেয়ে কম বাজেট দেখিয়েছেন বাঁশখালী সংরক্ষিত ২ নম্বরে ওয়ার্ড়ের নিলুফা আকতার। তাঁর বাজেট ২৩ হাজার টাকা।
প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ ১ লাখ ৮০ হাজার টাকা দেখিয়েছেন সীতাকুণ্ড সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মাহফুজা মাওলা। তিনি বলেন, ‘কত টাকা দেখিয়েছি মনে করতে পারছি না। আমার বার্ষিক আয় ১ লাখ ৪০ হাজার টাকা। ওইটাই সম্ভবত উল্লেখ করেছি। অত টাকা আমার নেই। ৪০ হাজার টাকা আমার বোন দেবে।’
এবারের নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এঁদের মধ্যে পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, চারজনের মনোনয়ন বাতিল হয়েছে।
১০ পৌরসভার ৩০টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এঁরা হচ্ছেন চন্দনাইশ সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস, রাউজান সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নাছিমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে জেবুননেছা ও ৩ নম্বর ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস, সন্দ্বীপ সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে সুরমা বেগম ও ৩ নম্বর ওয়ার্ডে সালমা বেগম ও সাতকানিয়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাসিনা আক্তার।
সাধারণ ওয়ার্ডে একমাত্র নারী প্রার্থী: চট্টগ্রামে নির্বাচন হওয়া ১০টি পৌরসভার ৯০টি সাধারণ ওয়ার্ডে মাত্র একজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে নির্বাচন করছেন খালেদা আক্তার।
সাধারণ ওয়ার্ডে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে খালেদা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত ওয়ার্ডে থেকে আসলে খুব বেশি কাজ করা যায় না। জনগণের বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করার জন্য আমি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত হতে চাই।’
সাধারণ ওয়ার্ডে মাত্র একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টিকে খুবই হতাশাজনক বলে মনে করছেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি লতিফা কবির। তিনি বলেন, সরকার তৃণমূলে নারীদের ক্ষমতায়নের কথা বলে। কিন্তু নির্বাচিত নারী প্রতিনিধিরা কোনো বরাদ্দই পান না। তাঁদের কোনো কাজ থাকে না। এতে মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয় তাঁদের। ফলে মূল স্রোতে কাজ করার অনীহা হারিয়ে ফেলেন তাঁরা।