জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রচারণার (ক্যাম্পেইন) আওতায় চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ের প্রায় ১২ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে নয় লাখ তিন হাজার শিশুকে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। আগামী ২ জুন একযোগে এসব শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। ছয় হাজার ২০১টি টিকাদানকেন্দ্রের মাধ্যমে এই ‘ক্যাম্পেইন’ চলবে। চট্টগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘ক্যাম্পেইনে ৩১ হাজার ২০৫ জন স্বেচ্ছাসেবী, এক হাজার ৬৮৫ জন মাঠকর্মী, ৭৮৫ জন তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) অংশ নেবেন।’ উল্লেখ্য, সব টিকাদানকেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে, এর মধ্যে শিশুকে ভরাপেটে টিকাদানকেন্দ্রে আনতে হবে। যদি কোনো শিশু গত চার মাসে একবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিংবা এক মাসের মধ্যে কৃমিনাশক বড়ি খেয়ে থাকে, তবে ২ জুন আর খাওয়ানো যাবে না।