চট্টগ্রামের ১৩ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে
২০তম জাতীয় টিকা দিবসে চট্টগ্রামে প্রায় ১৩ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার প্রথম ধাপে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা, ছয় থেকে ১১ মাসের সব শিশুকে একটি নীল রঙের এবং এক থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামের সিভিল সার্জন এম এ তৈয়ব এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে শূন্য থেকে পাঁচ বছরের সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা এবং দুই থেকে পাঁচ বছরের সব শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। চট্টগ্রামে কর্মসূচি সফল করার জন্য ছয় হাজার ২১১টি টিকাদান কেন্দ্রে ৭৫৮ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এক হাজার ৬৫৮ জন মাঠকর্মী ও প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।সিভিল সার্জন তৈয়ব বলেন, ‘আমরা বেশি জোর দিচ্ছি অনুন্নত এলাকাকে। তাই লক্ষ্যপূরণের ব্যাপারে আমরা আশাবাদী।’ সংবাদ সম্মেলনে দেশের পোলিও পরিস্থিতি স্লাইড প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স মেডিকেল অফিসার মোস্তফা সৈয়দ। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এবার চট্টগ্রাম জেলার ১৪ উপজেলায় সাত লাখ ৯৫ হাজার ৯৭০ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে প্রায় পাঁচ লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে।