চট্টগ্রামের ১৬ আসনে বাতিল ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষ। রোববার সকাল থেকে সেখানে চলছিল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই। দুপুরে শুরু হয় চট্টগ্রাম–৯ (বাকলিয়া–কোতোয়ালি) আসনের যাচাই প্রক্রিয়া।
রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান জানতে চান, বিএনপির সামসুল আলমের বিষয়ে কোনো ব্যাংকের আপত্তি আছে কি না। এটি বলার সঙ্গে সঙ্গে প্রায় ১৫ ব্যাংক কর্মকর্তা আপত্তি আছে বলে জানান। তাঁরা কাগজপত্র জমা দেন। এই সময় সম্মেলনকক্ষে দাঁড়িয়ে থাকা সামসুল আলম মুচকি হেসে দেন। ব্যাংক ঋণখেলাপির কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। আইনজীবীরা আপত্তি করলেও তা ধোপে টেকেনি। পরে তিনি বেরিয়ে যান।
গতকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। চট্টগ্রামের ১৬ আসনে ১৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জেলার ১০টি আসনে ২২ জন এবং নগরের ৬টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপি, বিল খেলাপি, ১ শতাংশ ভোটারের সঠিক তালিকা না দেওয়ার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিএনপির ১২ জন, স্বতন্ত্র ১৮ জন এবং বাকিরা বিভিন্ন দলের। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা না থাকায়।
যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা হলেন চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, মোশাররফ হোছাইন ও শহিদুল ইসলাম। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও জাতীয় পার্টির আব্দুল হাই। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা, আবুল কাশেম, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির আসলাম চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, এ কে এম আবু তাহের। চট্টগ্রাম–৫ (হাটহাজারী) বিএনপির মীর মোহাম্মদ নাছির ও তাঁর ছেলে মীর হেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মাসুদুল আলম ও মোহাম্মদ নাছির উদ্দিন। চট্টগ্রাম–৬ (রাউজান) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী। চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) বিএনপির তিন প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলীম ও আবু আহমেদ হাসনাত।
চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও বিএনপি নেতা এরশাদ উল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ চৌধুরী, শরিফ উদ্দিন খান ও স্বতন্ত্র আবদুল মোমিন, এনপিপির কামাল পাশা। চট্টগ্রাম–৯ (বাকলিয়া–কোতোয়ালি) আসনে বিএনপির সামসুল আলম, ইসলামী ঐক্যফ্রন্টের দুলাল খান, মোরশেদ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–পাহাড়তলী–হালিশহর) জাতীয় পার্টি (জেপি) আজাদ দোভাষ, জাতীয় পার্টির ওসমান খান, স্বতন্ত্র আনিসুর রহমানের মনোনয়ন বাতিল হয়।
চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বাতিল হয় এনপিপির খোশাল খান, বিএনএফের আবু সাঈদ, গণফোরামের জানে আলম, স্বতন্ত্র প্রার্থী ওমর হাজ্জাত ও মুনতাসির কাদেরের।
প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় বাতিল হয় চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে এলডিপির এয়াকুব আলী ও স্বতন্ত্র আবু তালেবের মনোনয়নপত্র। চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনএফের নারায়ণ রক্ষিত ও স্বতন্ত্র সৈয়দ জামাল আহমেদ। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনের তিন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও মোহাম্মদ শাহজাহানের। এ ছাড়া চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াত নেতা আবু জাফর সাদেক স্বতন্ত্র হিসেব মনোনয়নপত্র দিলেও তা বাতিল করা হয়। বাতিল হয় আব্দুল জব্বারের। এ ছাড়া চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) জামায়াত নেতা ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম পদত্যাগপত্র দিতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচাই–বাছাই চলাকালে বিএনপি নেতা মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করলে তার প্রতিবাদ করেন তিনি ও আইনজীবীরা। ১৯৮৭ সালের টিঅ্যান্ডটি বিল বকেয়া থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। কিন্তু তিনি জানান, এই ধরনের বিলের কথা তাঁর জানা নেই। তাঁকে নোটিশও দেওয়া হয়নি। ওই সময়ের পর তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।