চট্টগ্রামের ১৬ চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির কারণে চট্টগ্রামের ১৬ চিকিৎসক ও তিন কর্মচারীর কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এর কারণ দর্শাতে বলা হয়েছে।গত রোববার এবং এর আগে বিভিন্ন সময় আলাদাভাবে এই ১৯ জনের কাছে কৈফিয়ত তলব করা হয়। এঁদের মধ্যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন চিকিৎসক ও তিন কর্মচারী, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয়জন এবং রাউজানে স্বাস্থ্যকেন্দ্রের একজন চিকিৎসক রয়েছেন।সূত্রমতে, জেলা সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও জরুরি সেবা টেলিফোনের মাধ্যমে এসব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত পাননি। এ কারণে তাঁদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে।ওই ১৯ জন হলেন: হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিম রেজা, শান্তা সাহা, মো. আলাউদ্দিন, মুহাম্মদ নওশাদ, তানজিলা তাবিব চৌধুরী, মুহাম্মদ আবদুর রহিম এবং তিন কর্মচারী কম্পিউটার অপারেটর মো. আবুল ইসলাম, অ্যাম্বুলেন্সের চালক জহিরুল ইসলাম ও এম এল এস এস মো. সোলায়মান; ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদা ইয়াছমিন, সুবীর বড়ুয়া, মুহাম্মদ সৈয়দুল আলম, মোবাশ্বেরুল আমিন, মো. রিফাত কামাল, নূরী-ই-জাহান, অপর্ণা বড়ুয়া, সাবরিনা মেহের ও সায়েদুল ইসলাম; রাউজানের গহিরা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুকান্ত ধর।সিভিল সার্জন আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, কোনো চিকিৎসক সপ্তাহে এক দিন, আবার কোনো চিকিৎসক দুই দিন যান। নানা ছলচাতুরিতে তাঁরা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন। এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।জানা গেছে, ২ জুলাই হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে একসঙ্গে তিনজন চিকিৎসক ও তিন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান সিভিল সার্জন ও সংশ্লিষ্ট পরিদর্শক দল। সিভিল সার্জন সকাল সোয়া ১০টা পর্যন্ত আধা ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন।সূত্র জানায়, সিভিল সার্জন কার্যালয় থেকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর চিঠি দিয়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়তের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিক উদ্দিন বলেন, ‘যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা ওই দিন দেরিতে কর্মস্থলে আসেন। তাঁরা নোটিশের জবাব দেবেন। পরে তা আমি সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে দেব।’এর আগে গত ২০ জুন ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করতে গিয়ে নয়জন চিকিৎসককে পাওয়া যায়নি। এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।গত জানুয়ারিতে একই ধরনের অভিযোগে রাঙ্গুনিয়ায় ১৩ জন এবং দোহাজারীর তিনজন চিকিৎসকের বিরুদ্ধে জেলা সির্ভিল সার্জনের কার্যালয় থেকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল।গত ২৯ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ৬৪ জেলার সিভিল সার্জনদের গ্রামাঞ্চলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, ‘জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে সংবাদমাধ্যমে প্রায়ই প্রতিবেদন হচ্ছে। জাতীয় সংসদ সদস্যরাও প্রায়ই নিজ নিজ এলাকায় চিকিৎসক-সংকট ও চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে অভিযোগ করছেন।’